ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে। বেলা একটার দিকে আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের মানুষ হাওরের বোরো ফসলের ওপর নির্ভরশীল। কিন্তু এবার ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের কারণে বাঁধ ভেঙে হাওরে ব্যাপক ফসলহানি ঘটেছে। হাওরপারের গ্রামগুলোতে ফসলহারা কৃষকদের আহাজারি চলছে। অথচ প্রতিবছর হাওরে বাঁধ নির্মাণের নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাট হয়। এবারও বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া ৪৫ কোটি টাকার বেশির ভাগই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজন লুটপাট করেছেন। তাঁদের অবহেলা ও গাফিলতির কারণেই হাওরে ফসলহানি ঘটেছে।
কর্মসূচি চলাকালে আইনজীবীরা বলেন, এবার সুনামগঞ্জে সোয়া দুই লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। কিন্তু পাহাড়ি ঢলে হাওরের বেশির ভাগ ফসলই তলিয়ে গেছে। ফসলহারা কৃষকেরা এখন চোখে অন্ধকার দেখছেন। তাঁদের বাঁচাতে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করতে হবে। কৃষকদের পুনর্বাসনে এগিয়ে আসতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক শেরেনূর আলী, জ্যেষ্ঠ আইনজীবী হুমায়ূন মনজুর চৌধুরী, জহুর আলী, বজলুল মজিদ চৌধুরী, সৈয়দ শামসুল ইসলাম, মানিক লাল দে, মাসুক আলম, তৈয়বুর রহমান, আইনুল ইসলাম বাবলু, রুহুল আমীন প্রমুখ।