ফসলহারা হাওরবাসীর জন্য কষ্টের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরের একমাত্র বোরো ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন সুনামগঞ্জের কৃষকেরা। ক্ষতিগ্রস্ত অর্ধেকের বেশি পরিবার এখনো সরকারি ত্রাণ সহায়তার বাইরে রয়েছে। তাই নৌকায় করে অপরিচিত কেউ এলেই তারা ত্রাণের নৌযান মনে করে ভিড় করে। গত শুক্রবার দুপুরে জেলার জামালগঞ্জ উপজেলার হালির হাওর পাড়ের পশ্চিম কালীপুর গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো
হাওরের একমাত্র বোরো ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন সুনামগঞ্জের কৃষকেরা। ক্ষতিগ্রস্ত অর্ধেকের বেশি পরিবার এখনো সরকারি ত্রাণ সহায়তার বাইরে রয়েছে। তাই নৌকায় করে অপরিচিত কেউ এলেই তারা ত্রাণের নৌযান মনে করে ভিড় করে। গত শুক্রবার দুপুরে জেলার জামালগঞ্জ উপজেলার হালির হাওর পাড়ের পশ্চিম কালীপুর গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো

‘৩০ বছর ধরি সংসার চালাই। কোনো দিন অত অভাবে পড়ছি না। হাতে কোনো টাকাপয়সা নেই। এখন এক বেলা ভাতের জোগাড় করতে হিমশিম খাচ্ছি। সামনে ঈদ। একটা পুয়া-পুরিরে (ছেলেমেয়ে) কোনো নতুন কাপড়চোপড় দিছি না। তারার (ছেলেমেয়ে) মুখের দিকে চাইলে (তাকালে) বড় কষ্ট অয়। এই কষ্টে একলা একলা (একা একা) কান্দি।’

ঈদুল ফিতর উদ্‌যাপনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কষ্ট ও অসহায়ত্বের কথা এভাবেই তুলে ধরেন হাওরে ফসলহারা কৃষক আসক আলী (৫৫)। তাঁর বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে।

শুধু আসক আলী নয়, গত শুক্রবার ও এর আগের দুই দিন সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর—এই চার উপজেলার হাওরপাড়ের কয়েকটি গ্রাম ঘুরে ফসলহারা কৃষকদের এমন কষ্টের কথা জানা গেছে। অনেকেই বলেছেন, ফসলহানির পর হাওর এলাকায় অভাব দেখা দিয়েছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন মানুষ। এলাকায় কাজ নেই। কাজের খোঁজে গ্রাম ছাড়ছে মানুষ। প্রথম দিকে মানুষ নিজের সঞ্চয় ও গবাদিপশু বিক্রি করে কোনো রকমে চলেছেন। এখন যেখানে দুবেলা খাবারের জোগাড় হচ্ছে না, সেখানে ঈদের কেনাকাটার কথা ভাবতেই পারছেন না তাঁরা।

ঘাগটিয়া গ্রামটি এলাকার খরচার হাওরের পশ্চিম পাড়ে অবস্থিত। গ্রামের মানুষ জীবিকা নির্বাহ করে হাওরে বোরো ধান চাষ করে ও বর্ষায় মাছ ধরে। সবার জমি খরচার হাওরে। যে জমির সব ধান গত এপ্রিলের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছেন গ্রামের কৃষকেরা।

আসক আলী বলেন, প্রতিবছর তিনি এক থেকে দেড় শ মণ ধান পান। এই ধানেই তাঁর সংসার চলে। খাবার বাদে কিছু ধান বিক্রি করে সংসারের অন্যান্য খরচ মেটান। প্রতিবছর ধুমধামে ঈদ করেন। এবার এক ছটাক ধানও পাননি, হাতে টাকা নেই।

আসক আলীর কথার মাঝখানে আবদুল মজিদ নামের আরেক বৃদ্ধ বলেন, ‘ইবার হাওরে ঈদের কোনো ফুর্তি নাই। সবাই কষ্টের মাঝে আছে।’

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘এই সময় হাওরের ফসল ঘরে তুলে এলাকার মানুষ আনন্দে থাকে। কিন্তু এবার সেটা নেই, তার বদলে মানুষ এখন ভাতের কষ্টে আছে।’

বিশ্বম্ভরপুর থেকে তাহিরপুর উপজেলায় যাওয়ার পথে আনোয়ারপুর বাজার পেরোলেই শনির হাওর শুরু। এই হাওরের ফসল যখন ঝুঁকির মধ্যে পড়ে, তখন একটানা ২৪ দিন স্থানীয় মানুষ বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২২ এপ্রিল বাঁধ ভেঙে হাওরের ফসল তলিয়ে যায়।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, মানুষ সীমাহীন কষ্টে আছে। তারা ঠিকমতো সহায়তা পাচ্ছে না। সবাই আস্তে আস্তে এই অসহায় মানুষদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।

গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দেখার হাওরপাড়ের গোয়াছুড়া গ্রামের ঘাটে এই প্রতিবেদককে বহনকারী নৌকাটি ভেড়াতেই নানা বয়সী মানুষ ভিড় করেন। তাঁরা ধারণা করছিলেন, শহর থেকে কেউ ত্রাণ নিয়ে এসেছেন। কিন্তু আগন্তুকদের খালি হাত দেখে তাঁরা হতাশ হন।

কাঁচি হাতে নৌকাঘাটে এসেছিলেন কৃষক কমর আলী (৪৬)। এবার সাড়ে তিন একর জমিতে ধান লাগিয়েছিলেন। কিন্তু কোনো ধানই পাননি। তিন ছেলে ও এক মেয়ে তাঁর। ঘরে গিয়ে কমরের স্ত্রী মালেকজান বেগমের সঙ্গে কথা বলে জানা গেল, সব সময়ই ঘরের সবাই ঈদের সময় নতুন পোশাক কেনেন। এখন দুবেলা দুমুঠো ভাতের জন্য কষ্ট করতে হচ্ছে তাঁদের।গ্রামের আছদ্দর আলী (৭০), আবদুল্লাহ মিয়া (৫০), আলা উদ্দিন (৪৫) জানান, এই গ্রামের শতাধিক পরিবারের সবাই কৃষির ওপর নির্ভরশীল। এখন কেউ কেউ হাওরে মাছ ধরছেন। কেউ আবার শহরে গিয়ে শ্রমিকের কাজ করছেন।

‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী বলেন, সরকারের বিশেষ সহায়তা হিসেবে প্রতি মাসে দেড় লাখ কৃষককে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। সহায়তার বাইরে আছে আরও পৌনে দুই লাখ কৃষক।

সুনামগঞ্জে এ বছর ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। গত ২৭ মার্চ থেকে শুরু হয় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল। এরপর একে একে তলিয়ে যায় সুনামগঞ্জের সব হাওরের কাঁচা ধান। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক-জনপ্রতিনিধিরা বলছেন, হাওরের ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।