ফসলি জমি, খালপাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়
ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের ফসলি জমি, বাগান ও খালপাড় থেকে ইটভাটার জন্য মাটি কেটে নেওয়া হচ্ছে। খালপাড়ের মাটি কেটে নেওয়ায় ভাঙনের আশঙ্কা করছেন এলাকাবাসী। বন বিভাগ বলছে, ইটভাটায় ব্যবহারের জন্য এভাবে মাটি কাটার কোনো নিয়ম নেই।গত বৃহস্পতিবার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরপাতা গ্রামে গিয়ে দেখা যায়, ভেদুরিয়া ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দক্ষিণ-পূর্বে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভোলা খালের তীর ও এর আশপাশের আবাদি জমি ও বাগান থেকে বড় বড় গর্ত করে মাটি কেটে নেওয়া হয়েছে।খালপাড়ের বাসিন্দা মো. কামাল বলেন, মাটি কাটার জন্য খালের পাশের জমির ধান ও ধইঞ্চা কেটে ফেলা হয়েছে। বাগানের মাটি কেটে নেওয়া হচ্ছে।এলাকাবাসী অভিযোগ করেন, ১৫ দিন ধরে শ্রমিকেরা মাটি কেটে নৌকায় করে চরপাতা গ্রামে মাকছুদুর রহমান মাতব্বরের ইটভাটা ‘ইলিশা ব্রিকস ফিল্ডে’ নিয়ে যাচ্ছেন। ১৪ নভেম্বর ইলিশা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন সরেজমিন তদন্তের জন্য এলাকায় আসেন এবং শ্রমিকদের মাটি কাটতে নিষেধ করেন। কিন্তু শ্রমিকেরা মাটি কাটা চালিয়ে যাচ্ছেন।ইলিশা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘পশ্চিম চরপাতা মৌজায় তেঁতুলিয়া নদীর পারে জেএল-১০৫, খতিয়ান নম্বর ১-এর সরকারি ৮৫ একর জমির মধ্যে সরকার ১৯৭৩-৭৪ সালে ৩০ একর জমি ভূমিহীন কৃষকদের চিরস্থায়ী বন্দোবস্ত দেয়। বাকি জমি কৃষকেরা ইজারা নিয়ে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি কাওসার আহমেদ গং মামলায় ওই জমির মধ্যে ৫৬ একরের মালিকানা পেয়েছেন। সেখান থেকে তাঁরা কিছু জমি ইটভাটার মালিকের কাছে বিক্রি করেছেন। তবে ইটভাটার মালিক সরকারি জমির মাটিও কাটছেন। বিষয়টি সরেজমিন তদন্ত করে আমি প্রতিবেদন জমা দিয়েছি এবং শ্রমিকদের মাটি কাটতে নিষেধ করেছি।’ ইলিশা ব্রিক ফিল্ডের মালিক মাকছুদুর রহমান বলেন, তাঁরা খালপাড় থেকে শুরু করে ফসলের খেতের আট একর জমি কিনেছেন। তাঁর কাছে এর কাগজপত্র আছে।উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুদ রানা বলেন, ইটভাটার জন্য ফসলি জমি ও বাগানের মাটি কাটা অবৈধ। তবে এটি দেখার দায়িত্ব ভূমি প্রশাসনের।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ওলিউর রহমান বলেন, ‘ফসলি জমি, বাগান ও খালের পাড় কেটে মাটি নেওয়ার ঘটনা শুনে আমি তদন্ত করে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন এসেছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’