ফসলি জমি, নদীর তীরের মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার বিষখালী নদীতীরের গ্রাম মাছখালী ও লতাবাড়িয়ার ফসলি জমি থেকে মাটি কেটে দীর্ঘদিন ধরে ইটভাটায় নেওয়া হচ্ছে। এমনিতেই এলাকাটি ভাঙনকবলিত, তার ওপর এভাবে নদীর চর ও বাঁধের পাশের মাটি কেটে নিলে ভাঙন আরও তরান্বিত হবে বলে আশঙ্কা এলাকাবাসীর। সম্প্রতি মাছখালী গ্রামে গিয়ে দেখা যায়, বরইতলা ফেরিঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে বিষখালী নদীর তীরে ফাতেমা-মজিদ ডেভেলপমেন্ট ও আরএসএফ নামে দুটি ইটভাটা অবস্থিত। সেখানে নতুন করে আরও একটি ইটভাটা নির্মাণ করা হচ্ছে। তিনটি ইটভাটার পাশেই রয়েছে সামাজিক বনায়ন এবং এর অনতিদূরেই পোটকাখালী ও বাওয়ালকর সংরক্ষিত বন।বন বিভাগের বরগুনা সদর রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বন আইন অনুযায়ী সংরক্ষিত ও সামাজিক বনের তিন কিলোমিটারের মধ্যে কোনো প্রকার ইটভাটা নির্মাণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অনুমতি দেওয়ার সময় বন বিভাগের মতামত গুরুত্ব পায় না বলে যত্রতত্র ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এসব ভাটা এখন প্রাকৃতিক পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে।’সরেজমিনে দেখা যায়, বিষখালী নদীতীরের গ্রামে পাশাপাশি দুটি ইটভাটায় পাশের ফসলি জমি ও নদীর পাড় কেটে মাটি এনে বড় বড় স্তূপ করে রাখা হয়েছে। ফাতেমা-মজিদ ডেভেলপমেন্ট নামের ইটভাটায় পাশের ফসলি জমি থেকে প্রায় ২৪ জন মাটিকাটার শ্রমিক বড় বড় গর্ত করে মাটি স্তূপাকারে রাখছেন। আরএসএফ নামের ভাটার পাশেও একইভাবে মাটির স্তূপ দেখা যায়। এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, এমনিতেই এই গ্রামটি ভাঙনকবলিত। এখন যেভাবে ইটভাটায় মাটি কেটে ব্যবহার করা হচ্ছে তাতে এই ভাঙন আরও তরান্বিত হবে। অবশ্য আরএসএফ ইটভাটার ব্যবস্থাপক পান্না মিয়া বলেন, তাঁরা স্থানীয় জমির মালিকদের কাছ থেকে প্রায় ৩০ শতক জমি কেনার বায়নাপত্র করে এই জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করছেন। তবে তিনি নদীপাড়ের মাটি কাটার কথা অস্বীকার করেন।মাছখালী থেকে একটু পশ্চিম দিকে আরেক গ্রাম লতাবাড়িয়া। সেখানে গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় পাউবোর বিলীন হয়ে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশের মাটি কেটে নিয়ে এমএম এন্টারপ্রাইজ নামে নতুন একটি ইটভাটা নির্মাণের জন্য প্রায় তিন একর জমির চারপাশে বেড়ি দেওয়া হয়েছে। বেড়ির উত্তর পাশে নদীপাড়ে ১৪-১৫ জন শ্রমিক মাটি কেটে ইঞ্জিনচালিত বড় নৌকায় তুলছেন। মাটিকাটার কাজে নিয়োজিত শ্রমিক আ. মালেক বলেন, এই মাটি কেটে তাঁরা কুমড়াখালি এলাকার গোলাম মোস্তফার মালিকানাধীন এমএম এন্টারপ্রাইজ নামের ইটভাটায় নিয়ে যাবেন। নদীর পাড় থেকে মাটি কেটে ভাটায় পৌঁছে দেওয়া বাবদ হাজারে তারা দুই হাজার ৬০০ টাকা করে পারিশ্রমিক পান। এলাকার বাসিন্দা আ. রশিদ বলেন, প্রায় এক মাস ধরে প্রতিদিন তিন-চারটি নৌকায় করে বিষখালী নদীপাড়ের মাটি কেটে ওই ইটভাটার জন্য নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। এসব কাজে কেউ প্রতিবাদ করতে গেলে মালিকপক্ষ বলে, এসব জমি তারা কিনে নিয়েছে। লতাবাড়িয়া এলাকার বাসিন্দা এসমে আলী হাওলাদার অভিযোগ করেন, তিনটি ইটভাটায় ব্যাপক হারে ফসলি জমি ও নদীতীরের মাটি ব্যবহার করায় এলাকায় ফসলের খেতগুলো বিরান হওয়ার পাশাপাশি বিষখালী নদীর ভাঙন বেড়েছে। এদের ত ৎপরতা বন্ধ না করলে অচিরেই তিনটি গ্রাম বিলীন হয়ে যাবে।এমএম এন্টারপ্রাইজের মালিক গোলাম মোস্তফা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নদীপাড়ের জমি তাঁদের কেনা। সেখান থেকে মাটি কেটে ভাটার কাজ চলছে। নদীপাড়ে তো পাউবোর বাঁধ ছিল, সেই জমি কীভাবে আপনার হলো? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব।’যোগাযোগ করা হলে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ দেয়নি। এলাকার ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’