ফসলি জমি ও বনের পাশে ইটভাটা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের পাশে, ফসলি জমি আর আবাসিক এলাকায় গড়ে উঠেছে ইটভাটা। এতে যেমন কৃষিজমির পরিমাণ কমছে, তেমনি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। ১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত-২০০১) অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ হলেও টেকনাফের সাতটি ইটভাটার অবস্থান সংরক্ষিত বনাঞ্চলের আধা কিলোমিটারের মধ্যে। হ্নীলা ইউনিয়নের মোচনী, লেদা, নয়াপাড়া ও হোয়াইক্ষ্যং ইউনিয়নের দৈগ্যাকাটা, লম্বাঘোনা এলাকায় এসব ইটভাটার অবস্থান। সরেজমিন ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এসব ইটভাটার মালিকেরা শ্রমিক নিয়োগ দিয়ে ভাটার আশপাশে তাঁদের জমি থেকে মাটি কেটে নিচ্ছেন। এতে হুমকির মুখে পড়েছে নয়াপাড়া বিডিআর বিওপি (ফাঁড়ির) ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের যাতায়াতের রাস্তাটি। লেদা গ্রামের বাসিন্দা নবী হোসেন (৪৮) ও একই এলাকার গৃহিণী নূরজাহান বেগম (৩৫) বলেন, কৃষিজমিতে ইটভাটা করায় আশপাশের জমিতে চাষাবাদে সমস্যা হচ্ছে। চিমনির ধোঁয়ায় আশপাশের গাছগুলো বিবর্ণ হয়ে গেছে। অনেক গাছে ফুল ও ফল আসছে না। ফসলের উৎপাদন কমে গেছে। ইটভাটা মালিক আলী আহমদ, শাহ আলম ও আবুল হাশেম বলেন, সরকারি বিধি মেনে ভাটায় ১২০ ফুট উঁচু চিমনি তৈরি করা হয়েছে। নিজেদের জমির মাটি কেটে ইট তৈরি করা হলে দোষ কিসের।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল গফুর মোল্লা জানান, ইটভাটার ধোঁয়া ও তাপ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলায় দিন দিন ফসলের উৎপাদন কমে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর টেকনাফের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, টেকনাফের ইটভাটাগুলোর পরিবেশ ছাড়পত্র নেই। নীতিমালা লঙ্ঘন করে সংরক্ষিত বনাঞ্চল, আবাসিক এলাকা ও ফসলি জমিতে ইটভাটা স্থাপন করা হয়েছে। ফসলি জমির মাটি কাটার কারণে জমির উর্বরাতা নষ্ট হওয়ার পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা ধ্বংস হচ্ছে। এ কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশ। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অফিসের পরিদর্শক ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক সাইফুল আশরাফ বলেন, ২০০৯-১০ অর্থবছর থেকে এসব ইটভাটার কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। বনাঞ্চলের আশপাশে গড়ে ওঠা ইটভাটাগুলো উচ্ছেদে অভিযান চালানোর জন্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। নির্দেশ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াসউদ্দিন আহমেদ জানান, এলাকাবাসীর কাছ থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ইটভাটা মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।