ফসলি জমি ও বসতবাড়ি অধিগ্রহণ না করার দাবি
নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ কার্যালয় নির্মাণের জন্য ফসলি জমি ও বসতবাড়ি অধিগ্রহণ না করার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছে ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের পাঁচ গ্রামের মানুষ।
ব্রহ্মপুত্র নদের চর ঈশ্বরদিয়ার জয় বাংলা বাজারে এ মানববন্ধন করা হয়। সেখানে বক্তারা বলেন, বিভাগীয় কার্যালয় নির্মাণের জন্য ব্রহ্মপুত্র নদের পাড়ের চর গোবিন্দপুর, চর ভবানীপুর, চর আনন্দিপুর, চর দুর্গাপুর ও চর ঈশ্বরদিয়া গ্রামের জমি অধিগ্রহণ করা হবে বলে তাঁরা প্রশাসনের মাধ্যমে জেনেছেন। গত এপ্রিলে তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই এলাকায় জমি পরিদর্শন করেন। পাঁচ গ্রামের মানুষের দাবি, বিভাগীয় কার্যালয় নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও যেন ফসলি জমি ও বসতবাড়িকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়।
মানববন্ধন চলাকালে সেখান দিয়ে যাচ্ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মানববন্ধনে অংশ নেওয়া লোকজন তাঁদের দাবি উল্লেখ করে মন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
সূত্র জানায়, বিভাগীয় কার্যালয় করার জন্য চরাঞ্চলই সরকারের পছন্দের তালিকায়। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।