সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হরিণচড়া-ধরাইল আঞ্চলিক সড়কের শলী-বনানী বাজারের পাশে মার্কেট নির্মাণের জন্য কালভার্টের মুখ ভরাট করা হয়েছে। এ কারণে এই এলাকার তিনটি গ্রামের ৩০০ একর ফসলি জমি জলাবদ্ধতার কবলে পড়েছে। এলাকার ফুলজার হোসেন নামের প্রভাবশালী এক ব্যক্তি এই কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়ে এর প্রতিকার চেয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, ২০০৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এখানে কালভার্ট নির্মাণ করা হয়। এর ফলে পানি সহজে নিষ্কাশন হওয়ায় দক্ষিণ কালিকাপুর, বাদেকুশা ও শলী-বনানী—এই তিনটি গ্রামের বাসিন্দাদের ফসলি জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পায়। কিন্তু এক মাস আগে দক্ষিণ কালিকাপুর গ্রামের প্রভাবশালী ফুলজার হোসেন মার্কেট নির্মাণের জন্য কালভার্টের মুখ ভরাট করতে শুরু করেন। এলাকাবাসী এতে বাধা দিলেও কোনো লাভ হয়নি।
এ বিষয়ে দক্ষিণ কালিকাপুর গ্রামের মতিয়ার রহমান, রইচ উদ্দীন, শুকুর মিয়াসহ অনেকেই বলেন, কালভার্টটি বন্ধ হয়ে গেলে এ এলাকার প্রায় ৩০০ একর জমি স্থায়ীভাবে জলাবদ্ধতার শিকার হবে। তিন ফসলি জমিগুলো এক ফসলিতে পরিণত হবে।
ফুলজার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এলাকাবাসীর সঙ্গে পরামর্শ করেই মাটি ভরাট করা হয়েছে। আগে যখন আমার জমির এই স্থানে কালভার্ট নির্মাণ করা হয়, তখন আমি বাধা দিয়েছিলাম। কিন্তু সে বাধা উপেক্ষা করে কালভার্টটি নির্মাণ করা হয়েছে। এখন মাটি ভরাট শেষ হয়েছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা করার আর কোনো উপায় নেই।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সিরাজগঞ্জের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কালভার্টটি এখন সরকারি স্থাপনা। এটির মুখ ভরাট করার অধিকার কোনো ব্যক্তির নেই।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে দেখার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।