অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার এবং মৌলবীবাজার জেলার কুলাউড়া ও জুড়ী উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে ফেঞ্চুগঞ্জের বেশির ভাগ এলাকা এবং বিয়ানীবাজারের ৩০টির বেশি গ্রাম তলিয়ে গেছে। তলিয়ে গেছে ফসলি জমিসহ রাস্তাঘাট।ঢাকায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল মঙ্গলবার জানিয়েছে, সুরমার নদীর কানাইঘাট পয়েন্টে ১০৮ সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সিলেট জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: ফেঞ্চুগঞ্জ (সিলেট): বন্যায় উপজেলার ভেলকোনা, সুড়িকান্দি, আউশকান্দি, সুলতানপুর গয়াসী, গংগাপুর, পিঠাইটিকর, গুচ্ছগ্রাম, ছত্তিশ, বাঘমারা, দনারাম, ৯০ মেগাওয়াট গুচ্ছগ্রাম ও বারহাল গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে নাথ কলোনি ও সর্দার কলোনির পাঁচ শতাধিক পরিবার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় পিঠাইটিকর, সুড়িকান্দি, আদর্শ, সুলতানপুর, গয়াসী, ছত্তিশ, ভেলকোনা গংগাপুর বারহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘমারা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে ফেঞ্চুগঞ্জের মাছের শতাধিক খামার। অনেকে জাল দিয়ে খামারগুলো রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হন। মাছচাষি জুবেদ আহমদ চৌধুরী বলেন, কয়েক লাখ টাকার মাছের পোনা খামারে ছাড়ার পরপরই বন্যার পানিতে ভেসে গেল সবকিছু। জাল দিয়েও রক্ষা করতে পারেননি। ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখেকুর রহমান জানান, উপজেলার এক হাজার ২০০ হেক্টর আউশ-আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হামিম হাসান বলেন, অর্থ ও খাদ্য-সাহায্যের জন্য আবেদন করা হয়েছে। বিয়ানীবাজার (সিলেট): বিয়ানীবাজারের শেওলা, চারখাই, দুবাগ, তিলপাড়া, মাথিউরা, মুড়িয়া ও লাউতা ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। তিলপাড়ার সানেশ্বর গ্রামের সেলিম উদ্দিন ও কেতকী দাস জানান, চার-পাঁচ দিন ধরে পানিবন্দী হয়ে আছে সানেশ্বর ও উলুউরি গ্রামের মানুষ। কিন্ত এখন পর্যন্ত ত্রাণ তো দূরের কথা, সরকারি কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি দেখতে আসেননি তাদের।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমল চন্দ্র সোম জানান, উপজেলায় ২৫০ হেক্টর আউশ ধানের মধ্যে প্রায় সবই তলিয়ে গেছে। ইউএনও সুব্রত কুমার দে বলেন, উপজেলার তিলপাড়া, মুড়িয়া, শেওলা, কুড়ারবাজার, দুবাগ ও মাথিউরা ইউনিয়ন বেশি প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষণ সেল খোলা হয়েছে। ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের সবগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে ত্রাণ দেওয়ার জন্য প্রাথমিক তহবিল গঠন করা হয়েছে, পর্যাপ্ত ত্রাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের বন্যাকবলিত কুলাউড়া উপজেলার ভূকশিমইল এবং জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবি উঠেছে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ দাবি জানান। ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, সরকারি ত্রাণ হিসেবে পাঁচ মেট্রিক টন চাল ও ১০ হাজার টাকা পাওয়া গেছে। এটা খুবই অপর্যাপ্ত। এ জন্য দ্রুত ভূকশিমইল ইউনিয়নকে দুর্গত এলাকা ঘোষণা করা উচিত। সদর জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ও পশ্চিম জুড়ী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীকান্ত দাসও তাঁদের এলাকাকে দুর্গত ঘোষণার দাবি জানান।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, ‘আমরা দুর্গত মানুষের পাশে আছি। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’ তিনটি ইউনিয়নকে দুর্গত এলাকা ঘোষণা করা হবে কি না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।