ফসলি জমিকে পুকুর বানিয়ে বালু উত্তোলন, বাড়িঘর বিলীন

নরসিংদীর শিবপুর উপজেলার দুটি গ্রামে ফসলি জমিকে পুকুর বানিয়ে নির্বিচারে বালু তোলা হচ্ছে। গত শনিবার বিকেলে দুটি বাড়ির তিনটি ঘর ও ১৫-২০টি গাছ পুকুরে বিলীন হয়ে গেছে।
দত্তেরগাঁও গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের জমির বালু মোটা দানার হওয়ায় তা নির্মাণকাজে ব্যবহার করা যায়। মাত্র তিন ফুট জমি খনন করলেই বালুর স্তর পাওয়া যায় বলে একটি চক্র শ্যালো ইঞ্জিন দিয়ে বালু তুলছে। এরপর ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। বালু উত্তোলনকারীরা কৌশল হিসেবে প্রথমে একটি ফসলি জমি কেনে। এরপর সেই জায়গায় বালু তুলে ৭০ থেকে ৮০ ফুট গর্তের সৃষ্টি করা হয়। এতে আশপাশের জমি কিছুদিনের মধ্যে ভেঙে পড়ে। তখন নিরুপায় হয়ে জমির মালিক অল্প টাকায় জমিটি বিক্রি করে দিতে বাধ্য হন। এভাবে ফাঁদে ফেলে চলছে বালু উত্তোলন। শনিবার বিকেলে চণ্ডীবর্দী গ্রামের লাল মিয়া ও মোতালিব মিয়ার বাড়ির তিনটি ঘরের ভিটা পুকুরে বিলীন হয়। পাশাপাশি ১৫-২০টি গাছও পুকুরে চলে যায়।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চণ্ডীবর্দী গ্রামে বালু তোলার কারণে সৃষ্ট একটি পুকুরে গাছ ভাসছে। পাশে একটি শ্যালো ইঞ্জিন রাখা। লাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘শনিবার রানতাম লইছি, এমুন সময় দেহি একটু একটু আওয়াজ করতাছে। পরে কয়েকটা গাছ, গোয়াইলঘর, থাকার একটা ঘর আর রান্নাঘরটা ভাইঙ্গা পুষ্কুনির মধ্যে গেছেগা।’ লাল মিয়া বলেন, ‘এহন থাকনের জায়গা নাই, দুই পোলা আর এক মাইয়া থাহে আরেক বাড়িতে। গরু-বাছুর রাখি এক ভাইয়ের ঘরে। সব মিলাইয়া আমার ৯ শতাংশ জমি পুকুরে গেছেগা। প্রশাসনের লোকজনের কাছে গেলে তারা আইসা চলে যায়। কিছু করে না।’
দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার নুরুল আমিন বলেন, প্রায় ৪০ জনের একটি চক্র বালু উত্তোলন করছে। দিনে-রাতে মিলিয়ে তিন এলাকায় কম করে হলেও ৮০০-৯০০ ট্রাক বালু তোলা হয়। বালু উত্তোলনকারী চণ্ডীবর্দী এলাকার আকতারুজ্জামান বলেন, ‘৫০ লাখ টাকা দরে খেত (এক বিঘা) কিন্যা ধান লাগাইলে পুষব? এক ট্রাক বালু বেচলে অনেক টাকা পাওয়া যায়। ধান লাগাইলে কয় টাকা পামু।’
আরেক বালু উত্তোলনকারী সুরুজ মিয়া বলেন, ‘বালু উঠাচ্ছি, তাতে সমস্যা কী?’ বালু উত্তোলনের কারণে বাড়িঘর ধসে পড়ার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘লাল মিয়া আর মোতালিবকে ক্ষতিপূরণ দিয়ে দিব বলেছি।’
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, দত্তেরগাঁও এলাকার রমিজ উদ্দিন মাস্টার, আবুল খায়ের ওরফে বেবু ও মিনু মিয়া বালু উত্তোলনকারী ও প্রশাসনের মধ্যে সমন্বয় করেন। তাঁরা বালু উত্তোলন চক্রের কাছ থেকে প্রতি মাসে পাঁচ লাখ টাকা তোলেন।
আবুল খায়ের বলেন, ‘বালু তোলার ব্যাপারে আমি তেমন কিছু জানি না।’ মিনু মিয়া বালুর তোলার বিষয়ে রমিজ উদ্দিনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। রমিজ উদ্দিনের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা বলেন, মাছিমপুর আর দুলালপুর ইউনিয়নে মহা উৎসবে বালু তোলা হচ্ছে। আর এসব দেখার জন্য যারা আছে (প্রশাসন), তারা দেখেও দেখে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আফসার বলেন, ‘বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমি শক্ত অবস্থানে ছিলাম, এখনো আছি। শিগগিরই আরও শক্ত অবস্থানে যাব।’ তিনি বলেন, ‘বালু তোলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই। তবে পরিবেশের ক্ষতির আশঙ্কা থাকলে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তা বন্ধ করে দিই। আর মালামাল জব্দ করি।’