ফসলি জমিতে অবৈধভাবে গড়ে উঠছে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে কৃষকদের কাছ থেকে জোর করে ফসলি জমি বন্দোবস্ত নিয়ে ওবাইদুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধভাবে ইটভাটা গড়ে তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ভাটার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে কোনো অনুমোদনও নেননি তিনি।
কৃষকেরা অভিযোগ করেছেন, মালিকদের কাছ থেকে জোর করে জমি নিচ্ছেন ওবাইদুল। যাঁরা জমি দিতে অপারগতা প্রকাশ করেছেন, তিনি তাঁদের জমিতে চাষাবাদ করতে বাধা দিচ্ছেন। আর যাঁরা বাধা উপেক্ষা করে চাষ করেছেন, তাঁদের ফসল নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। জমি দিতে না চাওয়ায় এক কৃষককে তিনি মারধর করেছেন বলেও কৃষকেরা অভিযোগ করেছেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ধানখেতের মাঝখানে একটি ইটভাটা গড়ে উঠছে। চলছে চুলা ও চিমনি তৈরির কাজ। ভাটার চারপাশে রয়েছে ধানখেত। নির্মাণাধীন এই ইটভাটার দক্ষিণে বারোবাজার-তাহেরপুর সড়ক। সেখানে ভাটার প্রবেশদ্বার করা হয়েছে। ভাটাটির নাম দেওয়া হয়েছে ‘কহিনুর-মনছুর ব্রিকস’। ভাটায় কর্মরত শ্রমিক দেলোয়ার হোসেন জানান, দ্রুত কাজ করে যাচ্ছেন তাঁরা।
চাঁদপাড়া গ্রামের কৃষক মফিজুর রহমান অভিযোগ করেন, যে স্থানে ভাটা নির্মাণ করা হচ্ছে, সেখানে ওবাইদুল ইসলামের কোনো জমি নেই। এলাকার কৃষকদের জমি জোর করে বন্দোবস্ত নিয়ে তিনি ভাটা তৈরি করছেন। ওই স্থানে তাঁর (মফিজুর রহমান) ১৩ শতক জমি রয়েছে। তিনি তাঁর জমি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ কারণে তাঁকে চাষ করতে দেওয়া হচ্ছিল না। বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত তিনি চাষ করেছেন। কিন্তু ওবাইদুল ইসলাম ও তাঁর লোকজন ফসল নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছেন।
কৃষক আবদুর রশিদ মাস্টার জানান, ওই স্থানে তাঁর ৪২ শতক জমি রয়েছে। তিনি অভিযোগ করেন, ভাটার জন্য ওই জমি দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকেও চাষ করতে বাধা দেওয়া হয়েছে। বাধা উপেক্ষা করে তিনি তাঁর জমিতে ধান চাষ করেছেন। ফসল ঘরে তুলতে পারবেন কি না, তা তিনি বলতে পারছেন না।
ওবাইদুল ইসলাম বলেন, ইটভাটা নির্মাণের জন্য তাঁর মোট ৩০ থেকে ৩৫ বিঘা জমির প্রয়োজন। এরই মধ্যে কয়েকজন কৃষকের কাছ থেকে এক বিঘা জমি তিনি বন্দোবস্ত নিয়েছেন। আরও কিছু মানুষের কাছে তিনি জমি চেয়েছেন। তাঁরা জমি না দিলে তিনি জোর করে নেবেন না। জমির জন্য কাউকে মারধর করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
পরিবেশ অধিদপ্তরের খুলনা কার্যালয়ের পরিদর্শক কামাল মেহেদী বলেন, ওই স্থানে কোনো ভাটা অনুমোদনের জন্য তাঁদের কাছে কেউ আবেদনও করেনি। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ওই স্থানে ভাটা হলে কৃষকের ফসলি জমি নষ্ট হবে।