ফসলি জমিতে ইটভাটা!
ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে প্রায় সাড়ে চার একর ফসলি জমির ওপর ইটভাটা নির্মাণ শুরু করেছেন পাশের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মো. শহীদ শেখ।শনিবার সরেজমিনে দেখা গেছে, ইটভাটার চিমনির কাঠামো ও ইট পোড়ানোর ক্লিম নির্মাণ করা হয়েছে। এই ভাটার উত্তর ও দক্ষিণ পাশে কৃষি বিভাগের দুটি ব্লকে পাট, পূর্ব পাশে ধান এবং পশ্চিম পাশে প্রায় এক একর জমিতে পাটখেত রয়েছে। ইটভাটার পাশে ইটের খোয়া বিছানো সড়কটি ক্ষতবিক্ষত। এলাকাবাসী জানান, ইটভাটায় যাতায়াত করা ট্রাকের কারণে রাস্তার এই দশা হয়েছে। স্থানীয় ঝিকু মিয়া (৩০) জানান, তিন মাস আগে এ ভাটার নির্মাণকাজ শুরু হয়। এ নিয়ে প্রথম দিকে এলাকাবাসীর সঙ্গে শহীদ শেখের বাদানুবাদ হয়। শহীদ শেখ এলাকার চারজনের নামে ফরিদপুর সদর আদালতে চাঁদাবাজির মামলাও করেছেন। মো. আলমগীর হোসেন বলেন, ‘শুরু থেকেই আমরা ইটভাটা নির্মাণের প্রতিবাদ করে আসছি। স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি।’ ইটভাটার দেখাশোনার কাজে নিয়োজিত বিষ্ণুপুর গ্রামের মো. আছলাম মিয়া বলেন, ‘প্রতিদিন ৫০-৬০ জন শ্রমিক এ ভাটা নির্মাণের কাজ করেন। তবে ১৫ দিন ধরে ভাটার কাজ মালিক কেন বন্ধ রেখেছেন তা আমার জানা নেই।’ইটভাটার মালিক মো. শহীদ শেখ বলেন, ‘ওখানে আমার নিজের কেনা দু্ই একর জমি রয়েছে। এলাকার জাহাঙ্গীর মিয়াসহ কয়েকজন আমার কাছে প্রথমে ১০ লাখ ও পরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা এলাকাবাসীকে বিদ্যু ৎ সরবরাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর সংগ্রহ করে আমার বিরুদ্ধে জমা দিয়েছে। এ জন্য আমি চারজনের নামে আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলাও করেছি।’ জাহাঙ্গীর মিয়া বলেন, ‘ইটভাটা নিয়ে চাঁদাবাজির প্রশ্নই ওঠে না। এটি আমাদের বাঁচা-মরার সমস্যা। এলাকার এসব জমিই আমাদের আয়ের প্রধান উ ৎ স। বাঁচার তাগিদেই আমরা এ ইটভাটার বিরোধিতা করছি।’ ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা বিকাশ তরফদার জানান, ইটভাটার আশপাশে কৃষি বিভাগের পাঁচ-সাতটি ব্লক আছে। ব্লকে জমির পরিমাণ প্রায় ২৫ হেক্টর। ইটভাটা চালু হলে এ এলাকায় কৃষির উ ৎ পাদন হ্রাস পাবে। তাছাড়া আশপাশে বসতি থাকায় এলাকায় পরিবেশ বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে।জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন বলেন, ‘ইটভাটার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এলাকাবাসী আপত্তি জানিয়ে আবেদন করায় আমরা ভাটা নির্মাণ বন্ধ করার জন্য নোটিশ দিই। এরপর ইটভাটার মালিক অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন।’সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে একটি তদন্ত প্রতিবেদন দিয়েছি। তাতে ফসলি জমিতে ইটভাটা করার অনুমতি না দেওয়ার জন্য সুপারিশ করেছি।’জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘প্রতিবেদন পাওয়ার পর ওই ইটভাটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু ইটভাটার মালিক ইউএনওর প্রতিবেদনকে ‘যথাযথ হয়নি’ দাবি করে উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে আবেদন করেছেন। এ জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’