ফসলি জমিতে ইটভাটা, ভ্রাম্যমাণ আদালতের দণ্ড
বগুড়ার ধুনটে অবৈধভাবে গড়ে তোলা ইটভাটায় গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় আদালত অনুমতির চেয়ে অতিরিক্ত ফসলি জমিতে ইটভাটা গড়ে তোলার অভিযোগে মালিককে পাঁচ হাজার টাকা দণ্ড দেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া চালার ভিটা গ্রামের দুই ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে এমএফএস নামের একটি ইটভাটা। পরিবেশ অধিদপ্তর থেকে তিন একরে ইটভাটায় গড়ে তোলার অনুমতি থাকলেও মালিক মোয়াজ্জেম হোসেন ছয় একরে ইটভাটা গড়ে তোলেন। এই অভিযোগে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।ইটভাটার মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, তিন একর জমিতে ইটভাটার কাজ করা যায় না। এ কারণে অতিরিক্ত জমি ব্যবহার করা হচ্ছে। এ জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আতাউল গনি জানান, জমির মালিককে অতিরিক্ত ফসলি জমি ছেড়ে দিতে বলা হয়েছে।