ফসলি জমিতে ইটভাটা
যশোর সদর উপজেলার সতীঘাটা এলাকায় তিন ফসলি কৃষিজমি ইজারা নিয়ে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এতে ওই অঞ্চলের কৃষি ও পরিবেশের ওপর বিপর্যয় নেমে আশার আশঙ্কা করা হচ্ছে।জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে ১৩ জুন স্থানীয় লোকজন পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, কয়েক বছর আগে সতীঘাটার জনবসতিপূর্ণ এলাকার ফসলি জমি ইজারা নিয়ে মেসার্স সাহা ব্রিকস নামে একটি ইটভাটা স্থাপন করা হয়। ওই ভাটার গরম কালো ধোঁয়া বনজ সম্পদের ব্যাপক ক্ষতি করছে। পার্শ্ববর্তী ফসলি জমির উর্বরাশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে ফসলের। সাহা ব্রিকস কর্তৃপক্ষই আগের ভাটার পাশে নতুন আরেকটি ইটভাটা স্থাপনের উদ্যোগ নিয়েছে।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দ আহম্মেদ কবির বলেন, স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আবাদি জমিতে শিল্প-কারখানা স্থাপন না করার জন্য ভূমি মন্ত্রণালয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে। সেটি গেজেট আকারে এখনো প্রকাশ করা হয়নি। তবে ইটভাটা করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যাপক কড়াকড়ি করা হচ্ছে। আগের প্রযুক্তিতে ইটভাটা স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে না। নীতিমালা অনুযায়ী, একটি ভাটার আওতায় দুই একরের বেশি জমি রাখা যাবে না।সম্প্রতি যশোর-সাতক্ষীরা সড়কের সতীঘাটা এলাকায় গিয়ে দেখা গেছে, এলাকার শুধু ভাটপাড়া মাঠেই মেসার্স সাহা ব্রিকস, প্রাইম ব্রিকসসহ পাশাপাশি তিনটি ইটের ভাটা স্থাপন করা হয়েছে। সাহা ব্রিকস থেকে ৫০ গজ দূরে আরেকটি ভাটা স্থাপনের জন্য চুল্লি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজের তত্ত্বাবধানকারী মেসার্স সাহা ব্রিকসের মালিক সনৎ কুমার সাহা প্রথম আলোকে বলেন, নতুন ভাটা নয়, পুরোনোটাই বাড়ানো হচ্ছে। এক বিঘা জমিতে সারা বছর যে টাকার ফসল উৎপাদন হয়, তার চেয়ে বেশি টাকা দিয়ে কৃষকের কাছ থেকে জমি ইজারা নেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলায় ৩৭টি ইটভাটা রয়েছে। অধিকাংশ ভাটা মূল সড়কের পাশে তিন ফসলি আবাদি জমি ইজারা নিয়ে স্থাপন করা হয়েছে। ভাটাগুলোর অধীনে ৬৬০ বিঘা (২২০ একর) কৃষিজমি রয়েছে। আবাদি জমির উপরাংশের মাটি দিয়ে এসব ভাটায় ইট তৈরির মাটির চাহিদা মেটানো হচ্ছে, যার জন্য ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন। জমির উপরি অংশের উর্বর মাটি ব্যবহার বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ২০০৯ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়। তৎকালীন উপপরিচালক জি এম আবদুল হাকিম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, যশোরে ১১৫ থেকে ১২০টি ইটভাটা রয়েছে। জৈব পর্দাথমিশ্রিত জমির উর্বর অংশের মাটি এ সমস্ত ভাটায় ব্যবহার করা হচ্ছে। যে জমি থেকে উপরি অংশের এই মাটি কেটে নেওয়া হচ্ছে, ওই জমির মাটি উর্বর হতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগে, যার জন্য ফসলের উৎপাদন কমে যাচ্ছে। ভাটায় জমির উর্বর অংশের মাটি ব্যবহার বন্ধ করা না হলে এ অঞ্চলে কৃষি বিপর্যয় ঘটতে পারে।