ফসলি জমিতে ইটভাটা চলতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়ায় ফসলি জমি নষ্ট করে তৈরি করা ইটভাটাস্থল পরিদর্শন করেছেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। পরিদর্শন শেষে তিনি এলাকার লোকদের সঙ্গে নিয়ে একটি মানববন্ধনে অংশ নেন। এ সময় তিনি বলেন, দেশব্যাপী তাঁর ফসলি জমি রক্ষার আন্দোলন এখান থেকেই শুরু হলো।সৈয়দ মকসুদ আরও বলেন, খুব শিগগির তিনি সংবাদ সম্মেলন করে এ সম্পর্কে বিস্তারিত আরও জানাবেন। প্রবীণ এই লেখক গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়ায় উপস্থিত হন। সেখান থেকে তিনি স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে নির্মাণাধীন মেসার্স রিয়াদ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইটভাটাস্থলে যান। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘যে জায়গাটিতে দাঁড়িয়েছি, তার চারদিকে গাছ, ফসলি জমি, ঘরবাড়ি। জমিতে তিন ফসলের আবাদ হয়। তার পরও শুনেছি প্রশাসন থেকে ইটভাটা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। তারা পরিবেশ অধিদপ্তরেরও অনুমতি পেয়েছে। এটা তারা জনবিরোধী, এমনকি দেশবিরোধী কাজ করেছে।’ মকসুদ বলেন, ইটভাটা শুধু ফসলি জমি নষ্ট করে না, পরিবেশ ও প্রতিবেশেরও অপূরণীয় ক্ষতি করে। ফসলি জমিতে কোনোভাবেই ইটভাটা চলতে পারে না।গতকাল বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আবুল মকসুদ ইটভাটাস্থল পরিদর্শন ও মানববন্ধনে অংশ নেন। এরপর তিনি বেলা আড়াইটার দিকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম ও পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন খানের সঙ্গে ফসলি জমি রক্ষা ও ইটভাটা প্রসঙ্গে আলোচনা করেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুজনই ওই ইটভাটা বন্ধ করে দেওয়া হবে বলে আবুল মকসুদকে জানান।লতব্দি ইউনিয়ন পরিবেশ আন্দোলন কমিটির সভাপতি মো. রিপন জানান, এখানে কোনোভাবেই ফসলি জমি নষ্ট করে ইটভাটা করতে দেওয়া হবে না। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, এর বিরুদ্ধে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলবে।এর আগে গত ১২ জুন লতব্দি ইউনিয়ন পরিবেশ রক্ষা কমিটি ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছিল। মেসার্স রিয়াদ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইটভাটার মালিক হচ্ছেন আবুল হাসেম, ইব্রাহিম মুন্সি, মাসুদ ও আবুল মেম্বার। গতকাল যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।