ফসলি জমিতে ইটভাটা নির্মাণ
অনুমোদন পাওয়ার আগেই ফরিদপুরের বোয়ালমারীতে জনবসতির কাছাকাছি ফসলি জমিতে একটি ইটভাটা নির্মাণ করা হয়েছে। উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের বটতলা এলাকায় মাঝকান্দি-বোয়ালমারী সড়কের পশ্চিম পাশে স্থানীয় সৈয়দ সরোয়ার হোসেন নামের এক ব্যক্তি ‘এসএম ব্রিকস’ নামের ইটভাটাটি গড়ে তুলেছেন।সরোয়ার হোসেন অবস্থানগত অনুমোদন চেয়ে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন। এদিকে জনবসতির কাছাকাছি এবং ফসলি জমিতে হওয়া সত্ত্বেও জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে আবস্থানগত ছাড়পত্র দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকার আঞ্চলিক দপ্তরে সুপারিশসহ প্রতিবেদন পাঠিয়েছেন।জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, ইটভাটা নির্মাণ করতে হলে প্রথমে পরিবেশ অধিদপ্তর থেকে একটি অবস্থানগত ছাড়পত্র নিতে হয়। এটা পাওয়ার পর ইটভাটা নির্মাণের অনুমোদন চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হয়। তিনি অনুমোদন দিলে পরিবেশ অধিদপ্তর থেকে চূড়ান্ত ছাড়পত্র নিতে হয়।সরেজমিনে দেখা গেছে, ফসলি জমির ভেতরে এসএম ব্রিকসের নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। ৮৫ ফুট জিগজাগ চুল্লির নিচে ক্লিনে সারিবদ্ধভাবে কাঁচা ইট সাজানো হয়েছে। সরোয়ার হোসেন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের কাছে অবস্থানগত অনুমতি চেয়ে আবেদন করেছি। অনুমোদন পেলে জেলা প্রশাসকের কাছে আবেদন করব।’পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মকবুল হোসেন বলেন, ‘আমরা আবেদন পেয়ে সরেজমিন তদন্ত করে সুপারিশসহ অনুমোদনের জন্য ঢাকায় পাঠিয়েছি।’ জনবসতির কাছাকাছি এবং ফসলি জমির মধ্যে ওই ইটভাটার অনুমোদনের সুপারিশ কেন করা হলো, জানতে চাইলে তিনি জানান, এক ফসলি জমি ও জনবসতির এক কিলোমিটারের বাইরে ইটভাটা স্থাপনের ব্যাপারে অনুমোদন রয়েছে।ইট পোড়ানো নিয়ন্ত্রণ (সংশোধন) আইন-২০০১-এ বলা রয়েছে, আবাসিক এলাকা, উপজেলা সদর, ফলের বাগান, বনাঞ্চল, লোকালয় ও জনবসতি এলাকার তিন কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করা যাবে না। তা ছাড়া সরোয়ার হোসেনের ওই ইটভাটার পূর্বদিকে মাত্র ১০০ মিটার এবং উত্তর-দক্ষিণ পাশের ৩০০ থেকে ৪০০ মিটারের মধ্যেই জনবসতি রয়েছে।সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার নাজিউল ইসলাম জানান, শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন তিনি ভারতে ছিলেন। এর মধ্যে ভাটাটি নির্মাণ করা হয়। তিনি এলাকায় থাকলে এ কাজে বাধা দিতেন। কিছু পতিত ও ধানি জমি লিজ নিয়ে এ ভাটাটি করা হয়েছে। এ কারণে আশপাশের জমি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে।