ফসলি জমিতে ইটভাটা নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে সবুজ ধানগাছ। মাঝখানে স্থাপন করা হচ্ছে ইটভাটা। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুবার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। কিন্তু মালিক ওই স্থানে ইটভাটা স্থাপন করেই ছাড়বেন বলে জিদ ধরেছেন। ওই স্থানে ভাটা নির্মাণ করা হলে ধোঁয়ায় জমির ফসল ও গাছপালা ক্ষতিগ্রস্ত এবং পরিবেশ দূষিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে বারিপোতা-গাতিপাড়া গ্রামে ইটভাটা নির্মাণের উদ্যোগ নেন উত্তর বিরোজ বাগান গ্রামের হাসান আল জাহির। এলাকাবাসী গত ২৮ মে এটি নির্মাণ বন্ধ করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এতে উল্লেখ করা হয়েছে, গ্রামের পশ্চিমাংশের মাঠে প্রতিবছর ধান, পাট ও সবজি চাষ করা হয়। এই মাঠের অন্তত ১০ একর জমি কৃষকদের কাছ থেকে ইজারা নিয়ে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। ওই মাঠে ভাটা হলে ইট পোড়ানোর কাজে ব্যবহূত কয়লার গুঁড়া, চিমনির ধোঁয়া, বালু ও ছাইয়ের কারণে কৃষি ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।
আবেদন পেয়ে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তৎকালীন ইউএনও এম জহুরুল আলম ২৮ মে সরেজমিনে অভিযোগের সত্যতা পান এবং ভাটার মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করে কাজ বন্ধের নির্দেশ দেন। এ বিষয়ে তিনি পরদিন মালিককে চিঠি দেন। এরপর কিছুদিন কাজ বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি আবার কাজ শুরু করা হয়েছে। খবর পেয়ে বর্তমান ইউএনও মাহবুবুর রহমান ১০ থেকে ১২ দিন আগে সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন।
ইউএনও মাহবুবুর রহমান জানান, ওই ইটভাটার কোনো অনুমোদন নেই। এ জন্য নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই জায়গা ইটভাটা নির্মাণের উপযোগী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
১১ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, বারিপোতা-গাতিপাড়া সড়কের পাশে ফসলি জমিতে ইটভাটার চিমনি নির্মাণ করা হচ্ছে। নির্মাণশ্রমিকেরা পাশের একটি ঘরে বসে তাস খেলছেন। শ্রমিকদের সরদার মজনু মোড়ল বলেন, ‘কয়েক দিন ধরে কাজ বন্ধ রয়েছে। ইউএনও এসে কাজ বন্ধ করে দিয়েছেন। আমরা পাবনা থেকে এসেছি। আমরা ফিরে যেতে চাই। কিন্তু আমাদের যেতে না দিয়ে বসিয়ে রেখে দৈনিক হাজিরার টাকা দেওয়া হচ্ছে।’
মালিক হাসান আল জাহির জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়েও আবেদন করা হয়েছে। কিন্তু স্থানীয় কয়েক ব্যক্তি কৃষিজমিতে ইটভাটা স্থাপনের আপত্তি জানিয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন। তিনি দাবি করেন, জায়গাটি পতিত ও অনুর্বর। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ কুমার দাস এ ব্যাপারে প্রত্যয়নপত্রও দিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সুপারিশে তিন প্রত্যয়নপত্র দিয়েছেন।