ফসলি জমিতে ইটভাটা পাশেও দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন লঙ্ঘন করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সড়াতলা গ্রামে কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা হয়েছে। সেখানে কয়লার বদলে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। ভাটাটি সম্প্রসারণ করার জন্য মালিক পাশের এক কৃষকের জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে ভূমি মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আবাদি জমিতে ইটভাটা তৈরিতে নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া ২০০১ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে কৃষি জমিতে ইটভাটা না করারও নির্দেশ রয়েছে।এসব আইন না মেনে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারসংলগ্ন সড়াতলা গ্রামে ফসলি জমিতে দুই বছর আগে গড়ে তোলা হয় ‘ওহাব ব্রিক্স’ নামের একটি ইটভাটা। এর মালিক খালিশপুর বাজারের শাহজাহান আলী । এলাকার কৃষকেরা জানান, বেশ কয়েকজন কৃষকের ফসলি জমিতে ভাটাটি করা হয়েছে। ভাটার মালিক কয়েক বছরের জন্য তাঁদের কাছ থেকে জমি ইজারা নিয়েছেন। কিন্তু সড়াতলা গ্রামের কৃষক আশরাফ হোসেন তাঁর এক বিঘা ফসলি জমি ভাটার মালিককে ইজারা দেননি। কৃষক আশরাফ হোসেন জানান, ভাটায় জমি দিলে জমি নষ্ট হয়ে যাবে। ওই জমিতে আর ফসল ফলানো যাবে না। কিন্তু ভাটার মালিক শাহজাহান আলী তাঁর এই জমি জোর করে নিতে চাইছেন। বেশ কয়েকবার লোক মারফত তাঁকে নানা প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি ফসলি জমি নষ্ট করতে চান না। তিনি অভিযোগ করেন, জমিটি না দেওয়ায় ভাটার মালিক তাঁকে নানাভাবে হয়রানি করছেন। গত মৌসুমে তাঁর ধানের খেত নষ্ট করে দেওয়া হয়েছে। জমিতে তিনি সাত-আট মণ ধান কম পেয়েছেন। এবার গমের চাষ করেছেন। কিন্তু ভাটার লোকজন সেই গমের মধ্যে ইট-বালু ফেলছে। বিষয়টি তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের একাধিকবার জানিয়েছেন। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেননি।ফসলি জমিতে ভাটা করতে জমি ইজারা দিয়েছেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁরা বছরে বিঘাপ্রতি ১০ হাজার টাকায় জমি ইজারা দিয়েছেন। ইটভাটার পাশের জমিতে ফসল ভালো হয় না, এ কথা ভেবেই তাঁরা জমি দিয়েছেন।ইটভাটার মালিক শাহজাহান আলী দাবি করেন, কারও জমি তাঁরা জোর করে নেননি। আশরাফ হোসেনও জমি দিতে চেয়েছিলেন, কিন্তু টাকা বেশি চাইছেন। যে কারণে তাঁরা নেননি। আশরাফ হোসেনের জমির ফসল তাঁরা নষ্ট করেননি। ভাটা পরিচালনার অনুমোদন না পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, সব দপ্তর ম্যানেজ করে তাঁরা ভাটা পরিচালনা করছেন।পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ অঞ্চলের পরিদর্শক কামাল মেহেদী জানান, ওহাব ব্রিক্স নামে মহেশপুরে কোনো অনুমোদিত ইটভাটা নেই। যাঁরা এটি পরিচালনা করছেন, তাঁরা অবৈধভাবে করছেন। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল কাদের জানান, এভাবে ফসলি জমি নষ্ট করে ইটভাটা প্রতিষ্ঠা করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তার পরও অনেকে গায়ের জোরে করে যাচ্ছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নেবেন।