ফসলি জমিতে ইটভাটা, পোড়ানো হচ্ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনসহ জেলার বেশ কয়েকটি এলাকায় ফসলি জমি নষ্ট করে ইটভাটা নির্মাণ করা হয়েছে। এসব ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। এ কারণে এলাকার পরিবেশ হুমকির মধ্যে পড়েছে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ২৬টি ইটভাটা গড়ে উঠেছে। চলতি বছর আরও পাঁচটি ভাটা হচ্ছে। এর মধ্যে দুটির কাজ শেষ, তিনটির নির্মাণকাজ চলছে।

ফসলি জমি, নদীর তীর ঘেঁষেই এসব ভাটা গড়ে উঠেছে। ভাটাগুলোয় আবাদি জমির উপরিভাগ থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। এ কারণে দিন দিন কৃষিজমি উর্বরতা হারাচ্ছে, উৎপাদনও হ্রাস পাচ্ছে। অধিকাংশ ভাটার সামনে স্তূপ করে রাখা হয়েছে জ্বালানি কাঠ। ভাটাগুলোয় তা পোড়ানো হচ্ছে। এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় এলাকার বাতাস দূষিত হয়ে পড়ছে। ফলে মানুষ চর্ম, শ্বাসকষ্ট ও হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এলাকার গাছপালাও মারে যাচ্ছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ বলেন, ইটভাটার ধোঁয়ায় এলাকায় শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের শ্বাসকষ্ট হচ্ছে।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর-ধামরাই সড়কের দুই পাশে ফসলি জমিতে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে। সেখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে সাহবাজপুর এলাকায় মোল্লা ব্রিকসসহ চারটি ভাটা চোখে পড়ে। এগুলো কৃষিজমিতে স্থাপন করা। ভাটাগুলোয় স্তূপ করে রাখা হয়েছে কাঠ।

মোল্লা ব্রিকস নামের ভাটায় কাজ করছিল কয়েকজন শিশু শ্রমিক। তাদের মধ্যে ওয়াজেদ হোসেন (১৪) ও রাজু আহমেদ (১৩) নামের দুজন জানায়, তারা দীর্ঘদিন ধরে ইটভাটায় কাজ করছে।

ভাটাটির ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, ১৮ বিঘা জমির ওপর এটি স্থাপন করা হয়েছে। এটির জন্য বৈধ কাগজপত্র করার প্রক্রিয়া চলছে।

ওই ইটভাটার পশ্চিমে সরিষাখেতের পাশে নতুন একটি ইটভাটা নির্মাণের কাজ চলমান দেখা যায়। সেখানে কর্মরত কামাল হোসেন ও রাজ্জাক মিয়া নামের দুজন শ্রমিক বলেন, গাজীপুরের কোনাবাড়ী এলাকার নাসির উদ্দিন নামের এক ব্যক্তি সেখানে ২৫ বিঘা জমি লিজ নিয়ে এটি তৈরি করছেন।

এর পাশেই আরও দুটি ভাটা নির্মাণের কাজ চলছে। সরিষাখেতের পাশে গরুর জন্য ঘাস কাটছিলেন ফাতেমা বেগম। তিনি বলেন, ‘বাড়িতে একটু জমিতে গাছগাছালি বুনে খাই। ইটভাটার ধোঁয়ায় তাও নষ্ট হয়ে মরে যাচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম খান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী দুই ফসলি কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ। তারপরও কতিপয় মহল আইন অমান্য করে দুই ফসলি কৃষি জমিতে ইটভাটা করছে। এটা প্রতিহত করতে না পারলে কৃষিতে বিপর্যয় নেমে আসবে।

জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সোনিয়া পারভিন বলেন, যেকোনো সময় অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে।