ফসলি জমিতে ইটভাটা প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলি জমি নষ্ট করে ঝালকাঠি সদর উপজেলার চামটা গ্রামে ইটভাটা নির্মাণ করার এক প্রভাবশালী ব্যক্তির উদ্যোগ বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, চামটা গ্রামে ফসলি জমিতে ইটভাটা নির্মাণ করার জন্য এক সপ্তাহ ধরে বিভিন্ন নির্মাণসামগ্রী জড়ো করেন পাশের বাসণ্ডা গ্রামের প্রভাবশালী শহিদ জমাদ্দার। গ্রামের কৃষকেরা এই ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে গত শনিবার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল রোববার সরেজমিনে এলাকা পরিদর্শনে যান। এ সময় বিক্ষুব্ধ কৃষকেরা ইটভাটা নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। পরে ইউএনও ভাটানির্মাণ বন্ধ করার নির্দেশ দেন। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ রমেশ চন্দ্র ব্রম জানান, কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ চামটা গ্রামে ফসলের প্রদর্শনী মাঠ করার লক্ষ্যে পানি সরবরাহ এবং নিষ্কাশনের জন্য বড় নর্দমা নির্মাণ করেছে। ইটভাটা নির্মাণ করা হলে নর্দমার কার্যকারিতা থাকবে না। শহিদ জমাদ্দার বলেন, ‘আমাদের জমিতে আমরা ইটভাটা নির্মাণের জন্য ইট ও বালু এনে রেখেছি। স্থানীয় কিছু লোক ঈর্ষান্বিত হয়ে কাজ বন্ধের পাঁয়তারা করছে।’ ইউএনও আবদুর রউফ মিয়া বলেন, ‘জেলা প্রশাসকের কাছে ইটভাটার নির্মাণকাজ বন্ধের জন্য চামটা গ্রামের কৃষকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিনে দেখে ইটভাটার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি।’