ফসলি জমিতে ইটভাটা বন্ধের দাবি
রাজশাহীর গোদাগাড়ীতে ফসলি জমিতে ইটভাটার কার্যক্রম বন্ধের দাবিতে গত মঙ্গলবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকাল নয়টায় উপজেলার সারোইল গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ মানববন্ধনে পাঁচ গ্রামের প্রায় ২০০ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে কৃষক আবদুর রউফের সভাপতিত্বে ও ইমরান তুষারের সঞ্চালনায় বক্তব্য দেন সালাহ উদ্দীন বিশ্বাস, মাহবুবুর রহমান, আবদুর রাজ্জাক, মোখলেসুর রহমান, আবদুস সালাম, রুবিনা খাতুন প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা জানান, চাঁপাইনবাবগঞ্জের আকবর আলী নামের এক ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের সারোইল গ্রামে বার্ষিক ১৩ হাজার টাকা চুক্তিতে ৩০ বিঘা ফসলি জমি ইজারা নিয়ে ইটভাটা নির্মাণের কার্যক্রম শুরু করেছেন। আগামী মৌসুমে এই ভাটায় আগুন দেওয়া হবে।
ইটভাটার কার্যক্রম বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গত সোমবার ইউএনও ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছেও পাঁচটি গ্রামের বাসিন্দাদের পক্ষে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।