ফসলি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের নাপিতখালী এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে টৈটং উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন করে। সকাল ১০টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ইটভাটার সামনে জড়ো হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য টিপু সুলতান, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র মো. আবু হেনা মোস্তফা কামাল, পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পেকুয়া কলেজের ছাত্র রবিউল আলম, স্কুলছাত্র মিজানুর রহমান ও আল আমিন।
সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় এক প্রভাবশালী পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়ে ফসলি জমিতে ইটভাটা স্থাপন করছে। এ ছাড়া ইটভাটাটি সংরক্ষিত বনের দুই কিলোমিটারের ভেতর। ইতিমধ্যে ওই ভাটার অন্তত ৬০ শতাংশ কাজ শেষ করেছে। আগামী নভেম্বর নাগাদ ওই ইটভাটায় ইট পোড়ানোর কাজ শুরু হবে। ইটভাটাটি স্থাপনের কাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।