ফসলি জমিতে উঠছে ১৪ ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩টি ইটভাটা থাকা সত্ত্বেও সিরাজগঞ্জের রায়গঞ্জে আরও ১৪টি ইটভাটা নির্মাণ করা হচ্ছে। সরকারি সিদ্ধান্ত ও এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করে এ বছরই ফসলি জমিতে নতুন ইটভাটাগুলো স্থাপন করা হচ্ছে। এতে পরিবেশ দূষণ বাড়ার ও ফসল উৎ পাদন হ্রাসের আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই এসব ইটভাটা স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষিজমিতে ইটভাটা স্থাপন না করার বিষয়ে ভূমি মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কৃষি দপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটার জন্য জমি নির্ধারণ করা যাবে না বলে কৃষি মন্ত্রণালয় এক পরিপত্র জারি করেছে। প্রতিটি ইটভাটার জন্য ২০ থেকে ২৫ বিঘা ফসলি জমি ব্যবহার করা হচ্ছে। উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, তাঁদের সমিতিভুক্ত ইটভাটা ১১টি। নতুন করে কেউ ইটভাটার লাইসেন্স পেলে তাঁকে সদস্য করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া এলাকায় একটি, নলছিয়া এলাকায় দুটি, ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়ায় দুটি, পাঙ্গাসী ইউনিয়নের চকনূর এলাকায় দুটি, চান্দাইকোনা ইউনিয়নের লাঙ্গলমোড়ায় দুটি, ভূইয়াগাঁতী ব্রিজ এলাকায় একটি, ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলায় দুটি, সোনাখাড়া ইউনিয়নের বাশাইলে একটি ও ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা এলাকায় একটি ইটভাটা তৈরি করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ধানগড়া-ব্রহ্মগাছা সড়কের পাশে আবুদিয়ায় পুরোনো দুটি ইটভাটার পাশে এ বছর কেএসবি নামের একটি ইটভাটা স্থাপনের কাজ চলছে। এই ভাটার ব্যবস্থাপক পরিচয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নিজেদের জমিতে আমরা ইটভাটা করছি।’ কয়ড়া সড়কের দুই পাশে গড়ে উঠেছে দুটি ইটভাটা। এর একটির মালিক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর শেখ বলেন, ‘নিজের কিছু জমি আর কৃষকদের কাছ থেকে ইজারা নিয়ে ইটভাটা তৈরি করছি। এই এলাকার ফসলের উৎ পাদন লাভজনক না হওয়ায় কৃষকেরা ইটভাটার জন্য দীর্ঘমেয়াদি চুক্তিতে জমি ইজারা দিচ্ছেন।’ তবে এলাকার লোকজন বললেন ভিন্ন কথা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘আমার বাড়ির সামনে ইটভাটা করা হচ্ছে। এখানে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু ভাটার মালিককে আমরা কিছু বললে উল্টা ধমক খেতে হয়।’ উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৯ হাজার ৪৯০ একর আবাদি জমি রয়েছে। এসব জমিতে সারা বছর দুই থেকে তিনটি ফসল হয়। প্রায় চার লাখ জনবসতির এই উপজেলায় খাদ্য চাহিদা পূরণ করে উদ্বৃত্ত খাদ্যশস্য পাশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। নিয়মানুযায়ী ইটভাটা তৈরির আগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের অনাপত্তিপত্র, কৃষি বিভাগ থেকে অকৃষি জমির সনদপত্র, সর্বোপরি পরিবেশ দপ্তরের ছাড়পত্র নিতে হয়। রায়গঞ্জে ইটভাটা নির্মাণের ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়নি। ইটভাটা নির্মাণের প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আবু বকর শেখ বলেন, সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা আছে। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক নাজমুল হক বলেন, ‘বিগত দিনে কী হয়েছে জানি না। তবে আমি দায়িত্ব নেওয়ার পর সরেজমিন তদন্ত ছাড়া কোনো ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়া হয় না।’