ফসলি জমিতে একের পর এক ইটভাটা
প্রশাসনের নজরদারি না থাকায় আইন অমান্য করে দেশের বিভিন্ন স্থানে ফসলি জমিতে ইটভাটা স্থাপন অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে অনুমতির আবেদন জমা দিয়েই প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ভাটা স্থাপনেরও অভিযোগ রয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন ও ২০০১ সালের (সংশোধিত) ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবাদি জমিতে ইটভাটা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঠাকুরগাঁও: সদর উপজেলার আকচা গ্রামে ফসলি জমির মাঝখানে জমি ইজারা নিয়ে চলছে এস জামান লাবলু ও সন্তোষ আগরওয়ালার নীড় ব্রিকস নামে ভাটা নির্মাণের কাজ। শ্রমিকেরা জমির ধান কেটে রাস্তা তৈরি করেছেন। ইটভাটার জন্য জমির উপরিভাগ কেটে স্তূপ করছেন একদল শ্রমিক। আরেক পাশে কাজিপাড়ার ধানখেতের মাঝখানে এস এম ব্রিকস নামে ঠাকুরগাঁওয়ের পৌরসভার মেয়র এস এম এ মঈনের ইটভাটার কাজ শেষ। ঠাকুরগাঁও-ফাঁড়াবাড়ি সড়কের দুই ধারে আবাদি জমিতে রয়েছে মুরাদ হোসেন, শরিফ হোসেন, মোতালেব হোসেন, রামবাবুর ইটভাটা। পাশাপাশি ড্রামের চিমনি ব্যবহার করে চলছে মিজানুর রহমান, মো. আজমগীর, আবু তাহের মাস্টারের ইটভাটা।নীড় ইটভাটার ব্যবস্থাপক জাকির হোসেনের দাবি, জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নিয়েই ইটভাটা নির্মাণ করেছেন। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈন বলেন,আইন মেনেই তিনি ইটভাটা নির্মাণ করছেন। তবে পৌর মেয়রের ইটভাটার তত্ত্বাবধানে থাকা মো. হারুন বলেন, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই ভাটা পরিচালনা করতে হয়। ঠাকুরগাঁও জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন জানান, জেলায় ৫৫টি ভাটা রয়েছে। এর মধ্যে সমিতির সদস্যভুক্ত ৩৫টি। তিনি আরও জানান, জেলার ২০টি ভাটার পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। জেলা প্রশাসনকে ভাটাগুলো বন্ধ করার অনুরোধ জানিয়ে আবেদন করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।পাবনা ও চাটমোহর: শুধু ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের অনুমতি নিয়ে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর গ্রামে তিন ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে ইটভাটা। এলাকাবাসীর অভিযোগ, জমির মালিকদের উচ্চ দরে প্রলুব্ধ করে ভাটামালিকেরা জমিগুলো ইজারা নিয়ে ভাটা তৈরি করেছেন। ভাটার মালিক আবদুল হামিদ বলেন, ‘ভাটা তৈরির জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান অনুমতি দিয়েছেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি পত্রের জন্য আবেদন করা হয়েছে।’ চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ বলেন, ফসলি জমিতে ইটভাটা করা অবৈধ। রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার কেচিয়াতুল গ্রামে ফসলি জমির মধ্যেই গড়ে উঠছে একের পর এক ইটভাটা। আগে থেকেই মাঠে পাঁচটি ভাটা রয়েছে। আরও দুটি নির্মাণের জন্য জমি ইজারা নেওয়া হচ্ছে। কৃষকেরা বলছেন, জমি দেওয়ার ইচ্ছা তাঁদের নেই। কিন্তু তাঁদের জমিসংলগ্ন জমিতে ভাটা করা হলে তাঁদের জমিতে কোনো আবাদ হবে না। তাই বাধ্য হয়েই দিতে হবে।ভাটার মালিক জয়নাল আবেদীন বলেন, তাঁরা অনুমতির জন্য পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব জায়গায় আবেদন করেছেন। এখনো অনুমতি মেলেনি, বাধাও দেয়নি। এভাবেই সবাই করছে। ইটভাটা হলে পাশের জমিতে আবাদে কোনো সমস্যা হবে না বলে দাবি করেন তিনি।রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব মতে, জেলার আট উপজেলায় ২০০৮ সালে ১২৫টি ভাটা চালু ছিল। এর মধ্যে ১১৯টির ইট পোড়ানোর অনুমতিই ছিল না। ভাটাগুলোর মধ্যে পরিবেশগত ছাড়পত্র ছিল না ১১১টির। ২০১০ সালে এসে শুধু পবা উপজেলাতেই আরও ৫০টি নতুন ইটভাটা স্থাপন করা হয়। এবার আরও ১১-১২টি নতুন ভাটা করা হয়েছে।