ফসলি জমিতে পাহাড়ের বালু
তিন বছরে ঢলের সঙ্গে নেমে আসা পাহাড়ি বালুর স্তর পড়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চানপুর গ্রামের কৃষক আকবর আলীর (৭০) একমাত্র সম্বল হাওরের দুই একর জমি নষ্ট হয়ে গেছে। এখন আর কোনো ফসল হয় না। আকবর আলীর মতো চানপুরসহ কয়েকটি গ্রামের কৃষকদের ফসলি জমিতে বালুর স্তর পড়ে চাষের অনুপযোগী হয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দারা বলেছেন, তিন বছরে এলাকার দুটি হাওরে দুই থেকে আড়াই হাজার একর ফসলি জমিতে বালুর স্তর পড়েছে। কৃষি বিভাগ বিষয়টি জানলেও কী পরিমাণ জমিতে বালুর স্তর পড়েছে, এর সঠিক হিসাব তাদের কাছে নেই।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভারতের সীমান্ত ঘেঁষে তাহিরপুর উপজেলার উত্তর বড়ধল ইউনিয়নের চানপুর, রজনীলাইন, রাজাই ও বরুঙ্গচরা গ্রাম অবস্থিত। গ্রামের দক্ষিণ পাশে খাইমারা ও পচাশোল হাওর। এই দুই হাওরে চারটি গ্রামের লোকজনের ফসলি জমি। ২০০৮ সালের ২০ জুলাই রাতে সীমান্তের ওপারে অবস্থিত মেঘালয় পাহাড়ের ‘কালোপাহাড়’ নামক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। তখন পাহাড়ি ঢলের সঙ্গে প্রচুর পরিমাণ বালু-পাথর নেমে আসে নিচে। ওই রাতে বাড়িঘরের আঙিনা ও পাশের ফসলি জমিতে প্রায় হাঁটুসমান বালুর স্তর পড়ে। রাতের অন্ধকারে বাড়িঘর ছেড়ে নিরাপদে যাওয়ার সময় কয়েকজন নারী-পুরুষ আহত হন।রজনীলাইন গ্রামের ফুল মিয়া (৬৩) ও সমুজ আলী (৪৮) জানান, এর পর থেকে প্রতিবছর বৃষ্টি শুরু হলেই ঢলের সঙ্গে বালু নামছে। ওই দিনের পর ঢাকা থেকে কৃষি ও পরিবেশ বিভাগের লোকজন এলাকায় এসে পরিদর্শন করে গেলেও বালুর এই আগ্রাসন মোকাবিলায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন পাশের খাইমারা ও পচাশোল হাওরের ফসলি জমিতে বালুর স্তর পড়ে জমি নষ্ট হয়ে যাচ্ছে। এলাকায় একসময় সবজি চাষ হলেও বালুর কারণে তা আর করা যাচ্ছে না। শুধু ফসলি জমি নয়, বাড়িঘরের আঙিনা, বিদ্যালয়ের প্রাঙ্গণ, খেলার মাঠ, রাস্তাঘাটে পড়ছে বালুর স্তর। চানপুর গ্রামের কলেজছাত্র মহিউদ্দিন বলেন, যেভাবে প্রতিবছর বালু নামছে, একসময় পুরো হাওরের জমিই চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে। এই বালু যাচ্ছে টাঙ্গুয়ার হাওরেও। বালুর আগ্রাসন বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে নানাভাবে দাবি জানানো হলেও কোনো ফল হয়নি।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কর্মী ও রাজাই গ্রামের বাসিন্দা এন্ড্র সলমার জানান, তাঁরা এ নিয়ে সরকারের স্থানীয় ও উচ্চপর্যায়ে বারবার যোগাযোগ করেছেন। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, তিন বছরে দুই হাওরসহ এলাকার প্রায় দুই থেকে আড়াই হাজার একর ফসলি জমি বালুতে নষ্ট হয়েছে। এলাকাবাসী সব সময়ই পাহারধসের আতঙ্কে থাকেন।এ ব্যাপারে জেলা কৃষি সম্প্র্রসারণ বিভাগের উপপরিচালক এস এম আফসারুজ্জামান প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁদের জানা আছে। কী পরিমাণ জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে, এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে উপজেলা কৃষি কর্মকর্তাদের বলা হয়েছে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটি পাঠানো হবে।