ফসলি জমিতে পুকুর খনন, মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ইট তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। মাটি সংগ্রহের জন্য উপজেলার কূপদোন এলাকায় ইতিমধ্যেই সাতটি পুকুর খনন করা হয়েছে। ফসলি জমিতে ইটভাটা স্থাপন ও মাটি না কাটার আইন লঙ্ঘন করে ইটভাটার মালিক এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, কিছুদিন আগেও ওই এলাকায় শ্রমিক দিয়ে মাটি কাটার কাজ করা হতো। এখন এস্কাভেটর দিয়ে ১৩ একর জমি থেকে বিপুল পরিমাণ মাটি কাটা হচ্ছে। এতে আশপাশের জমিতে ধস নেমেছে। পাশাপাশি ভাটার চিমনি থেকে বের হওয়া ধোঁয়ায় জমিতে ধান, রবিশস্যসহ বিভিন্ন ফসলের উৎপাদন কমে গেছে। একই কারণে ভাটার পাশের বন্যানিয়ন্ত্রণ বাঁধটিও হুমকির মুখে পড়েছে। পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নাজমুল হক বলেন, লোকালয়ে ও ফসলের মাঠে ইটের ভাটা স্থাপনের কোনো নিয়ম নেই। পরিবেশের জন্য ক্ষতিকর এসব ভাটার কার্যক্রম বন্ধ হওয়া উচিত।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৮ সালে তিন একর জমি কিনে আরএসবি এন্টারপ্রাইজ নামের ইটভাটাটি স্থাপন করেন কিসলু মিয়া। ধীরে ধীরে তিনি আশপাশের ১৩ একর ফসলি জমি কিনে ও ইজারা নিয়ে ভাটা সম্প্রসারণ করেন।স্থানীয় হানিফ ফকির অভিযোগ করেন, ‘বছরে ৬০ হাজার টাকা চুক্তিতে এক একর জমির মাটি বিক্রি করেছি। চুক্তি ছিল আমার জমি থেকে দুই ফুট গভীর করে মাটি কেটে নেবে। কিন্তু ওই চুক্তি উপেক্ষা করে ভাটার মালিক গভীর খাদ করে মাটি কাটতে গেলে আমি বাধা দিই। ভাটা কর্তৃপক্ষ আমাকে মাছ চাষ করার প্রস্তাব দিয়ে সেখানে পুকুর খনন করেছে।’স্থানীয় সোবাহান মিয়া জানান, ভাটার পাশের জমিতে বড় বড় পুকুর খনন করে মাটি তোলায় এবং ভাটার চিমনি থেকে বের হওয়া ধোঁয়ায় আশপাশের জমিতে ফসলের ফলন কমে গেছে। তিন বছর আগে তাঁর এক একর জমিতে যে ধান ফলত, তা এখন অর্ধেকে নেমে এসেছে। সরেজমিনে দেখা গেছে, ইটভাটায় পাশের ফসলি জমির মাটি কেটে স্তূপ করে রাখা হয়েছে। সেখানে সাত-আটটি পুকুর খনন করা হয়েছে। প্রতিটি পুকুর ৩০ ফুট গভীর করে কাটা হয়েছে। প্রতিটির দৈর্ঘ্য ২৫ ও প্রস্থ ৩০ ফুট। প্রত্যেকটি পুকুরের পাশেই কাঁচা-পাকা আমন ধানসহ মাটি ভেঙে গর্তে পড়ে যাচ্ছে। ভাটার পাশের জমির মালিক লাল মিয়া জানান, পুকুর তৈরি করায় তাঁর ফসলি জমি দেবে যাচ্ছে। একই অভিযোগ সোনা মিয়া নামের আরেকজন কৃষকের।এলাকার বাসিন্দা নজির হোসেন, নেসার উদ্দীন, ফরিদ মিয়াসহ অনেকে বলেন, ভাটার চিমনি থেকে বের হওয়া ধোঁয়ায় বাড়িতে টেকা দায় হয়ে পড়েছে। এ ছাড়া ভাটার কাজে ব্যবহূত মাটি কাটা ও অন্যান্য যন্ত্রের শব্দে রোগী ও শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। ভাটার মালিক কিসলু মিয়া বলেন, এখানে তিনি মোট কী পরিমাণ জমি ব্যবহার করছেন, তা কাগজ না দেখে বলতে পারবেন না। তবে কিছু জমি মাছ চাষের জন্য চুক্তিতে নিয়েছেন, বাদবাকি জমির মাটি মালিকেরা তাঁদের কাছে বিক্রি করছেন। ফসলি জমির মাটি কাটার বিষয়ে তিনি বলেন, মাছ চাষ করার জন্য পুকুর খনন করা হচ্ছে। এখন ব্যস্ত আছি, বরগুনায় এসে সাক্ষাতে সব তথ্য দেওয়া হবে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ দেয়নি। ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’