ফসলি জমিতে বিজিবির দপ্তর না করার দাবি
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ফসলি জমিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর না করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকার কৃষক ও জমির মালিকেরা। গতকাল সোমবার মানববন্ধনের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
গোবরাতলা কৃষি ভূমি রক্ষা কমিটির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুপুর ১২টার দিকে মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, বিজিবির একটি নতুন ব্যাটালিয়নের সদর দপ্তর করার জন্য গোবরাতলা ইউনিয়নের হরিরামপুর মৌজার ৭৫ বিঘার তিন ফসলি জমি অধিগ্রহণের উদ্যোগ নিচ্ছে সরকার। যেসব জমি অধিগ্রহণ করা হবে, সেসব স্থানে বিজিবি লাল পতাকা ওড়ানোসহ মাপজোকের কাজ করছে। এসব জমিতে আমবাগানও আছে। এই জমিতে প্রতিবছর প্রায় তিন হাজার মণ ধান, ৮০০ মণ রবিশস্য ও আড়াই হাজার মণ আম উৎপন্ন হয়। এসব ফসলি জমি অধিগ্রহণ না করে বিজিবি ক্যাম্পের জন্য অকৃষি বা তুলনামূলক কম উৎপাদনশীল জমি অধিগ্রহণের দাবি জানান তাঁরা।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শাহজামাল বলেন, এখানে জমি অধিগ্রহণ হলে একমাত্র আয়ের উৎস হারানোর পাশাপাশি খাদ্যের উৎপাদনও কমে যাবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।