ফসলি জমিতে মাছ চাষ!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী বিলে কৃষকদের দুই ফসলি জমি দখল করে মাছ চাষের উদ্যোগ নিয়েছেন এক ইউপি সদস্য ও তাঁর কয়েকজন সহযোগী। জমি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় গ্রামের কৃষকেরা মাছ চাষ বন্ধ করতে অভিযোগ দিয়েছেন উপজেলা প্রশাসনের কাছে।
গ্রামবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশতলী গ্রামে বাঁশতলী নামের একটি বড় বিল রয়েছে। ওই বিলে কৃষকদের ২০০ বিঘা জমি রয়েছে। ওই সব জমিতে কৃষকেরা বছরে দুটি ফসল ফলান। প্রতিবছর এতে প্রায় সাত হাজার মণ ইরি ও বোরো ধান উৎপাদিত হয়। সম্প্রতি মৌচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুল ইসলাম এবং তাঁর দুই সহযোগী আক্কাছ আলী ও মনির হোসেন ওই বিলে মাছ চাষের উদ্যোগ নেন। তাঁরা মাছ চাষ করার জন্য ইতিমধ্যে বিলের এক পাশে বাঁধ দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং মাছ চাষের অফিস করার জন্য ইট-বালু দিয়ে ঘর তৈরি করেছেন। এ ছাড়া মাছ চাষ করার জন্য ওই বিলে থাকা বেশ কিছু জমিমালিককে বিঘাপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা দেওয়ারও প্রলোভন দেখিয়েছেন। বিলে বাঁধ দিয়ে মাছ চাষের খবর গ্রামের কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে গ্রামবাসীর পক্ষ থেকে মাছ চাষ বন্ধ করতে গাজীপুর-১ আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, উপজেলা প্রশাসন, কালিয়াকৈর থানার পুলিশ বরাবর গত ৮ মার্চ একটি আবেদন করা হয়েছে। গ্রামবাসীর পক্ষে আবেদনটি করেন আবদুল আলীম, মো. মফিজ উদ্দিন ও বাবর আলী।
বাঁশতলী এলাকার বাসিন্দা কলেজশিক্ষক আবদুল আলীম প্রথম আলোকে জানান, কালিয়াকৈর উপজেলার গোলয়া গ্রামে মাসুদুর রহমান নামের এক ব্যবসায়ী রয়েছেন। মাছ চাষের অনুমোদন এনে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা নিয়েছেন ওই ইউপি সদস্য ও তাঁর সহযোগীরা।
বাঁশতলী এলাকার কৃষক মফিজ উদ্দিন বলেন, বিলে ২০০ বিঘা জমি রয়েছে। এর মধ্যে তাঁর রয়েছে ৩ বিঘা এবং তাঁর স্বজনদের আরও জমি রয়েছে। প্রতিবছর তাঁরা সেখানে সরিষা ও ইরি ধানের চাষ করে থাকেন। মাছ চাষ করলে জমির অনেক ক্ষতি হয়। এ ছাড়া গ্রামের দরিদ্র পরিবারের সদস্যরা বর্ষা মৌসুমে ওই বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
একই গ্রামের কৃষক বাবর আলী জানান, গ্রামে অনেক হিন্দু পরিবার রয়েছে; যাদের ওই বিলেও জমি আছে। তাদের অনেককে হুমকি দিয়ে স্বাক্ষর নেওয়া হচ্ছে। স্বাক্ষর নেওয়ার জন্য রাতের বেলায় বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতিও দেখানো হচ্ছে।
ইউপি সদস্য নূরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মাছ চাষ আমি করব না। মাসুদুর রহমান নামের এক ব্যবসায়ীর মাছ চাষ করার শখ হয়েছে। তাঁকে মাছ চাষ করতে সুযোগ দেওয়ার জন্য বিলটি দেওয়া হচ্ছে। কিন্তু গ্রামবাসী বাধা দিয়েছে।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গ্রামবাসীর ক্ষতি হলে বিলে মাছ চাষ করতে দেওয়া হবে না।