ফসলি জমিতে মাছের খামার করারহিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে কৃষিজমি নষ্ট করে মাছের খামার তৈরির হিড়িক পড়েছে। অনাবৃষ্টি, পানিসংকট ও বর্ষার পর জলাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত ফসল উৎপাদিত না হওয়ায় এবং ফসল উৎপাদনের চেয়ে মাছের খামারের জন্য জমি ভাড়া দেওয়া বেশি লাভজনক হওয়ায় কৃষকেরা এদিকে ঝুঁকছেন। এভাবে ফসলি জমি কমলে খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় দুই লাখ ২৩ হাজার ৭০৭ একর আবাদি জমি রয়েছে। এর মধ্যে একটি ফসল উৎপাদিত হয় ৪৬ হাজার ৮৮০ একরে। জেলায় খাদ্যশষ্যের চাহিদা এক লাখ ৯৭ হাজার ১৭৬ মেট্রিক টন। প্রতিবছর উৎপাদিত হয় এক লাখ ৭১ হাজার ৬০৮ মেট্রিক টন।

কৃষক ও খামারিদের সূত্রে জানা গেছে, গত এক বছরে জেলায় প্রায় ২৬ হাজার একর ফসলি জমিতে মোট ২২০টি মাছের খামার তৈরি করা হয়েছে। এর মধ্যে নড়িয়া উপজেলায় সাত হাজার ৪১০ একরে ৭০টি, ডামুড্যায় ছয় হাজার ১৭৫ একরে ৪০টি, সদর উপজেলায় চার হাজার ৯৪০ একরে ৩৫টি, ভেদরগঞ্জে দুই হাজার ৪৭০ একরে ২৫টি, জাজিরায় দুই হাজার ৪৭০ একরে ২০টি ও গোসাইরহাট উপজেলায় দুই হাজার ৪৭০ একরে ৩০টি মাছের খামার করা হয়েছে।

খামার ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে একরপ্রতি স্থানভেদে বছরে ৮০ হাজার থেকে এক লাখ টাকা ভাড়ায় ৮ থেকে ১২ বছর মেয়াদে এসব জমি ভাড়া নিয়ে পুকুর কেটেছেন। এসব জমি নিচু হওয়ায় মাছের খামার করার আগে তাতে বছরে একটি ফসল আবাদ করা যেত। এক একরে বোরো ধান আবাদ করতে কৃষকের খরচ হয় গড়ে ৩৫ হাজার টাকা। ফলন পাওয়া যায় তিন হাজার কেজি। ধানের বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি একর জমিতে ধান আবাদ করে বছরে কৃষকের লাভ হয় আড়াই হাজার টাকা।

সম্প্রতি নড়িয়ার মাইজপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, ৫৩ একর কৃষিজমিতে মাছ চাষের জন্য চতুর্দিকে বাঁধ দেওয়া হচ্ছে। ১২৫ জন কৃষকের কাছ থেকে জমিটি মৎস্য ব্যবসায়ীরা ভাড়া নিয়েছেন। বাঁধ দেওয়ায় গ্রামের অন্য জমিতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং শুষ্ক মৌসুমে পানিসংকট সৃষ্টি হবে বলে এলাকার কয়েকজন বাসিন্দা আশঙ্কা করেছেন।

সদর উপজেলার পরাশরদি গ্রামের কৃষক বেলায়েত হোসেন জানান, উৎপাদিত ফসল বিক্রি করে খরচ ওঠে না। বাধ্য হয়ে তিনি মাছের খামার করার জন্য জমি ভাড়া দিয়েছেন। মৎস্য ব্যবসায়ী শওকত হোসেন বলেন, মাছের ব্যাপক চাহিদা থাকায় এলাকার মানুষ এ ব্যবসার দিকে ঝুঁকেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপপরিচালক মনসুর রহমান বলেন, অনেক এলাকার কৃষক জমিতে ফসল ফলিয়ে লাভবান হতে পারেন না; এ কারণে সেসব জমি অকৃষিকাজে ব্যবহার করা হয়। খাদ্য উৎপাদনের কৃষিজমি যাতে অন্য কাজে ব্যবহূত না হয়, সে বিষয়ে কৃষককে তাঁরা উদ্বুদ্ধ করেন। প্রতিবছর শরীয়তপুরের গড়ে ১ শতাংশ কৃষিজমি কমছে বলে তিনি জানান।