ফসলি জমিতে ময়লা ফেলার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গা এলাকায় তিন ফসলি জমিতে ময়লা ফেলার উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ ব্যাপারে উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করলেও জেলা প্রশাসন ২৪ দশমিক ৭ একর জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া সম্পন্ন করেছে। জমি অধিগ্রহণের প্রতিবাদে জমির মালিক ও কৃষকেরা গতকাল সোমবার দুপুরে মাথাভাঙ্গা এলাকায় রাস্তার পাশে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

কেসিসি জানায়, আধুনিক পন্থায় নগরের ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য খুলনা সিটি করপোরেশন ‘স্যানিটারি ল্যান্ড ফিল্ড প্রকল্প’ গ্রহণ করে। ওই প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৩ সালের শুরুতে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। এ জন্য ব্যয় ধরা হয় ১৩ কোটি ৮০ লাখ টাকা। সিটি করপোরেশন বটিয়াঘাটার মাথাভাঙ্গা মৌজায় ২৫ একর জমি পছন্দ করে অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করে। জেলা প্রশাসন নোটিশ দিলে বেঁকে বসেন জমির মালিকেরা। তাঁরা প্রথমে আন্দোলন, পরে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। আদালত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে জমির মালিকদের কেউই মূল্য বাবদ টাকা নেননি। কিন্তু জেলা প্রশাসন থেকে জমির অধিগ্রহণের কাজ শেষ হয়েছে মর্মে কাগজে-কলমে জমি বুঝিয়ে দেয় সিটি করপোরেশনকে।

কেসিসির প্রধান নির্বাহী আবদুল হান্নান বিশ্বাস বলেন, ‘জমি নিয়ে কোনো মামলা আছে কি না জানা নেই। তবে কার্যক্রমে বিলম্ব হচ্ছে।’

গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আবুল হোসেন আকুঞ্জী নামের একজন জমির মালিক। তিনি বলেন, ‘কৃষিজমি রক্ষায় সরকার খুব কঠোর হচ্ছে। আইন অমান্য করে কেসিসি আমাদের (৪০ জনের) ২৪ দশমিক ৭ একর জমি অধিগ্রহণ করে স্যানিটারি ল্যান্ড ফিল্ড প্রকল্প বাস্তবায়ন করছে।’

‘জমি অধিগ্রহণের নামে খুলনা জেলা প্রশাসন ছলচাতুরীর আশ্রয় নেয়। জেলা প্রশাসন থেকে আমাদের কৃষিজমি পতিত জমি হিসেবে দেখানো হয়েছে। সেইভাবে তা অধিগ্রহণ করা হয়েছে। অথচ আমাদের জমি তিন ফসলি। আমাদের কেউ কোনো টাকা নেয়নি। অথচ জেলা প্রশাসন থেকে জমি অধিগ্রহণের মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে, যা প্রতারণা ছাড়া আর কিছু নয়।’

‘২০১৩ সালের ১৬ জুন জমির মালিকদের পক্ষে ফরিদা বেগম উচ্চ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট পিটিশন করেন। আদালত জমি অধিগ্রহণের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের আদেশ অমান্য করে কেসিসি স্থাপনা নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ধারাবাহিকতায় ২০ আগস্ট কেসিসি সাইনবোর্ড দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর তীব্র প্রতিরোধের মুখে সাইনবোর্ড নিয়ে চলে যায়। আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি।’ বলছিলেন আবুল হোসেন আকুঞ্জী।

মানববন্ধনে অংশ নেওয়া সেলিনা ইয়াসমিন বলেন, ‘এই জমি চলে গেলে আমরা না খেয়ে মরব। আমাদের দাবি এই এলাকায় অনেক খাসজমি আছে। কেসিসি সেখানে এই প্রকল্প করুক। ফসলি জমিতে কেন?’

হরেকৃষ্ণ রায় বলেন, ‘আমি পাঁচ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করি। এখানকার জমির ওপর আমাদের সংসার চলে। এই জমি চলে গেলি আমরা না খেয়ে মারা যাব। সন্তানেরা স্কুলে যেতে পারবে না।’