ফসলি জমিতে রোহিঙ্গা বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের নয়াপাড়ায় ফসলি জমিতে ত্রিপল ও বাঁশ দিয়ে ঘর তুলছে রোহিঙ্গারা l ছবি: প্রথম আলো
টেকনাফের নয়াপাড়ায় ফসলি জমিতে ত্রিপল ও বাঁশ দিয়ে ঘর তুলছে রোহিঙ্গারা l ছবি: প্রথম আলো

টেকনাফের নয়াপাড়ায় স্থানীয় বাসিন্দাদের প্রায় ১০ একর ধানের জমিতে ঝুপড়িঘর তুলেছেন রোহিঙ্গারা। ত্রিপল, পলিথিন ও বাঁশ দিয়ে গত ১০ দিনে পাঁচ শতাধিক ঝুপড়িঘর তোলা হয়েছে। শিবিরের বাইরে রোহিঙ্গা বসতি স্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শিবিরের বাইরে এসে এভাবে রোহিঙ্গাদের ঘর তোলার ঘটনায় উপজেলা প্রশাসনও উদ্বিগ্ন।

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে প্রায় সাড়ে ৪ কিলোমিটার এলাকার মধ্যে দুটি রোহিঙ্গা শিবির রয়েছে। একটি শিবিরের অবস্থান টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে নয়াপাড়া এলাকায়। এটি নিবন্ধিত রোহিঙ্গা শিবির। অপরটি নয়াপাড়া থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। এটি লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির নামে পরিচিত। দুটি শিবিরে এখন প্রায় দেড় লাখ রোহিঙ্গা রয়েছে। নয়াপাড়ার নিবন্ধিত শিবিরের উল্টো দিকে নাফ নদীর পাশেই ব্যক্তিমালিকানাধীন জমিতে ঘর তুলে থাকছে প্রায় ৮ হাজার রোহিঙ্গা। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই রোহিঙ্গাদের শিবিরে স্থানান্তরের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, ফসলি জমিতে রোহিঙ্গাদের ঘর তোলার বিষয়টি তাঁরা জানেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। নির্দেশ পেলেই ব্যবস্থা নেবেন তাঁরা।

কক্সবাজারের বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক শর্মা বলেন, পাহাড় কেটে এবং পাহাড়ের বন উজাড় করে রোহিঙ্গা বসতি অনেক আগেই হয়েছে। এখন নতুন করে ফসলি জমিতে রোহিঙ্গারা থাকা শুরু করলে টেকনাফ ও উখিয়ার প্রকৃতি ও পরিবেশ বলে কিছু থাকবে না। রোহিঙ্গা বসতির কারণে এ দুই উপজেলার সাড়ে পাঁচ হাজার একর আয়তনের নয়টি পাহাড় ধ্বংস হয়ে গেছে। টেকনাফের ফসলি জমি থেকে দ্রুত রোহিঙ্গা বসতি সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।

ধানের জমিতে গত সপ্তাহে ঘর তুলেছেন রোহিঙ্গা আজিজুল হক। দেড় মাস আগে পরিবারের ছয় সদস্যকে নিয়ে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে টেকনাফে আসেন। এই রোহিঙ্গা বলেন, প্রথমে টেকনাফের একটি গ্রামে এক ব্যক্তির বাড়ির পাশে পলিথিন দিয়ে ঝুপড়িঘর তুলে থাকতেন তিনি। এ জন্য ওই লোককে ভাড়া বাবদ তিনি এক হাজার টাকা দিয়েছিলেন। একটি বেসরকারি সংন্থা তাঁকে ঘর তৈরির জন্য বড় দুটি ত্রিপল, পলিথিন, করাত, কোদাল, হাতুড়ি, বাঁশ ও দড়ি দিয়েছে। এ কারণে ওই ঘর ছেড়ে তিনি এখানে চলে আসেন। ঘর তোলার সময় কেউ তাঁকে বাধা দেয়নি। আশপাশে অন্য রোহিঙ্গারাও ঘর তুলছেন।

ঘর তোলা আরেক রোহিঙ্গা মো. ইমান হোসেন এক মাস আগে টেকনাফে এসেছেন। তাঁর বাড়ি রাখাইন রাজ্যের মংডুর হাসুরাতার গ্রামে। তিনি বলেন, শিবিরে জায়গা না পেয়ে শাহপরীর দ্বীপের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন তিনি। তাঁর পরিবারের সদস্য সাতজন। কিন্তু ওই বাড়ির মালিক তাঁদের আর রাখতে না চাইলে রোববার এখানে ঘর তোলেন তিনি।

যে জায়গায় রোহিঙ্গারা ঘর তুলেছে, সেই জমির মালিকদের একজন নুরুল আমিন চৌধুরী। তিনি বলেন, ধান কাটার পর এখন জমিতে লবণ চাষ করার উদ্যোগ নেন তিনি। এর মধ্যে হঠাৎ রোহিঙ্গারা ঘর তুলেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি উপজেলা প্রশাসনকে জানান। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন তাঁর জমি উদ্ধার করে দেয়নি।

এদিকে যেখানে রোহিঙ্গারা ঘর তুলেছে, সেই জায়গার মালিক দাবি করে তাদের কাছ থেকে স্থানীয় কয়েকজন প্রতি ঘরের জন্য মাসে ৫০০ টাকা দাবি করছেন। তাঁদের একজন আমির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ধান কাটা শেষ হতে না-হতেই রোহিঙ্গারা এসে আমাদের জায়গায় ঘর তুলেছে। মানবিক কারণে তাদের আমরা বাধা দেইনি। আমাদের ক্ষতিপূরণ দেবে কে?’ অবশ্য সেখানে তাঁর জমি নেই। কিন্তু তিনজন জমির মালিকের তত্ত্বাবধায়ক বলে দাবি করেন তিনি।

ফসলি জমিতে নতুন করে গড়ে তোলা রোহিঙ্গাদের মাঝি (নেতা) হামিদ হোসেন বলেন, কোথাও জায়গা না পেয়ে তাঁরা এখানে আশ্রয় নিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ফসলি জমিতে রোহিঙ্গারা ঘর তোলায় এ পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকায় প্রায় ৭৫ একর জমি চাষাবাদের বাইরে চলে গেছে।

ফসলি জমিতে যেসব রোহিঙ্গা ঘর তুলেছে, দ্রুত তাদের সরিয়ে বিভিন্ন শিবিরে পাঠানো হবে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিকী। তিনি বলেন, গতকাল বিকেলে এলাকাটি ঘুরে এসেছেন তিনি। নতুন করে ঘর তোলা রোহিঙ্গাদের বুঝিয়েছেন, তারা যেন নির্ধারিত শিবিরে চলে যায়।