ফসলি জমির বুক চিরে জেগে উঠেছে ‘নদী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে হঠাৎ করে ফসলি জমির বুকে নতুন একটি ‘নদী’ জেগে উঠেছে। নদীটির কোথাও কোমরপানি, কোথাও বা হাঁটুপানি। প্রায় ৪০ ফুট চওড়া এবং তিন কিলোমিটার দীর্ঘ এ নদীর স্রোত গিয়ে মিশেছে পাশের সুঁই নদীতে। জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের ভেতর দিয়ে এ নদী প্রবাহিত হচ্ছে।অনেকে মনে করছেন, অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ, গত কয়েক দিনের টানা বর্ষণ ও চাষাবাদের জন্য পানির প্রবাহ বন্ধ করে রাখায় ওই এলাকায় ধারণক্ষমতার অতিরিক্ত পানি জমেছে। এতে অতিরিক্ত পানি পথ খুঁজে নিয়ে নেমে যাচ্ছে ভাটির দিকে।এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, নদীটি যেখানে জেগে উঠেছে, একসময় ঠিক সেখানেই একটি নদী ছিল। কালের গর্ভে ওই নদী হারিয়ে গিয়েছিল। সেটাই আবার জেগে উঠেছে। নাজিমউদ্দিন (৭০) বলেন, ‘বাপ-দাদার কাছে শুনেছি, এখানে একসময় নদী ছিল।’কিন্তু ঠিক কতকাল আগে সেখানে নদী ছিল, তা সঠিকভাবে কেউ বলতে পারেননি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কাছেও এ-সংক্রান্ত কোনো রেকর্ড নেই।গত বুধবার সকালে স্থানীয় কৃষকেরা খেতে কাজ করতে গিয়ে আকস্মিকভাবে ওই নদী দেখে বিস্মিত হন। নতুন এ নদী দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে। অনেকে নতুন নদীতে গোসলও করছে। স্থানীয় লোকজনের অনেকে ঘটনাটি অলৌকিক বলে মনে করছেন।লোকজন জানান, পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট, কাজলদীঘি, দলুয়া, বৈরাগীপাড়া ও তেলিপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের পানি সুঁই নদীতে গিয়ে মেশে। খরায় সুঁই নদী পানিশূন্য থাকলেও বর্ষায় নদীটি পানিতে টইটম্বুর হয়ে পড়ে। তাঁরা আরও জানান, অতিবৃষ্টির কারণে নদীতে পানির প্রচণ্ড স্রোত থাকায় এ নদী থেকে ভাঙন শুরু হয়ে উজানের তিন কিলোমিটার এলাকা ভেঙে গভীর খাদে পরিণত হয়েছে। এভাবেই গত এক সপ্তাহে নতুন এ নদীর জন্ম।নদীটির পেটে গেছে অন্তত ১০০ বিঘা জমি। এতে আউশ ধান ও পাটসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান গত রোববার বিকেলে ওই এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ফসল ও জমি হারানো ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। সাংসদ বলেন, ‘যখন নদীগুলো ভরাট হয়ে মরা নদীতে পরিণত হচ্ছে, তখন একটি নদীর জন্ম আনন্দের বিষয়। আমরা এ নদী রক্ষায় ব্যবস্থা নেব।’কাজলদীঘি গ্রামের বাসিন্দা সিরাজুল জানান, উজানে নতুন নতুন এলাকা ভেঙে নদী আরও দীর্ঘ হচ্ছে। কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলার রহমান জানান, কয়েক দিনের টানা বর্ষণে পানির চাপ বেড়ে যাওয়ায় এ নদী বা খালের সৃষ্টি হয়েছে।পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রবীন্দ্র চন্দ্র সোম জানান, সেখানে নদী থাকার কোনো রেকর্ড তাঁদের কাছে নেই। তিনি আরও জানান, নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই পুরো এলাকা প্লাবিত হয়ে পড়ে। এতে ভাটির দিকে পানির প্রচণ্ড চাপ থাকে। পানির প্রবল চাপে ফসলি জমি ভেঙে জলাধারে পরিণত হয়েছে।পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং পরিবেশ পরিষদের সভাপতি মো. তৌহিদুল বারী জানান, হঠাৎ করে নদীর সৃষ্টি অলৌকিক বা অস্বাভাবিক কিছু নয়। প্রচুর বৃষ্টির কারণে অথবা ভূগর্ভস্থ পানির চাপ বেড়ে যাওয়ায় ভূপৃষ্ঠ ভেদ করে পানি বেরিয়ে আসতে পারে। তবে কিছুদিন পর এটা আবার বন্ধ বা কমে যেতে পারে।