কিশোরগঞ্জের নিকলী উপজেলার তিনটি ইটভাটায় ইট তৈরির জন্য ফসলি জমির ওপরের অংশের মাটি কিনে নেওয়া হচ্ছে। ফলে জমির উর্বরতাশক্তি কমে যাচ্ছে। তবে অভাবী কৃষকেরা নগদ টাকার লোভে এসব মাটি বিক্রি করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, জমির উর্বরতাশক্তি মাটির ওপর থেকে ১৫-২০ ইঞ্চির মধ্যে থাকে। তাই জমির ওপর থেকে মাটি বিক্রি করলে বা সরালে উর্বরতাশক্তি নষ্ট হয়ে যায়। কৃষকদের সচেতন করার পরও তাঁরা কথা শুনছেন না। নগদ টাকার আশায় জমির মাটি বিক্রি করছেন। এতে সাময়িক অভাব দূর হলেও উৎপাদন ব্যাহত হচ্ছে। এ-সংক্রান্ত কোনো আইন না থাকায় তাঁরা কিছুই করতে পারছেন না।
উপজেলার সদর ইউনিয়নের কুর্শা, জারুইতলা ইউনিয়নের ও গুরুই ইউনিয়নের ছেত্রা হাওর ঘুরে দেখা যায়, আবাদি জমির ওপরের অংশের ১০ থেকে ১৫ ফুট গর্ত করে দুটি এসকেলেটর (খননযন্ত্র) যন্ত্র দিয়ে কেটে নেওয়া হচ্ছে মাটি।
কুর্শা গ্রামের কৃষক বাচ্চু মিয়া ও কাঞ্চন মিয়া জানান, গত ২০ নভেম্বর কুর্শা আলতাব ব্রিকসের ব্যবস্থাপক জলিল মিয়ার কাছে তাঁরা দুজনে ৩৫ শতাংশ করে ৭০ শতাংশ জমির মাটি ১০ হাজার টাকা করে বিক্রি করেন। তাঁরা জমির ওপর থেকে ১০ ফুট গর্ত করে মাটি নেবেন। তাঁরা অভাবের কারণে এ মাটি বিক্রি করেছেন।
ধারিশ্বর গ্রামের নিধু মিয়া জানান, তিনি ১৬৫ শতাংশ জমির মাটি মেসার্স কামাল ব্রিকসের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। দুই বছর ধরে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক চলছে। একশ্রেণির ব্যবসায়ীরা ফসলি জমির এ মাটি কিনে উপজেলার তিনটি ইটভাটায় বিক্রি করছেন।
জারুইতলা গ্রামের কৃষক সাইদুল হকজানান, ফসলি জমির মাটি বিক্রি করায় গর্তের সৃষ্টি হয়। এ গর্তের মধ্যে পাঁচ-ছয় বছর কোনো আবাদ হয় না। তিনি দুই বছর আগে ২৫ শতাংশ জমির মাটি বিক্রি করেছিলেন। এ কারণে এখনো সে জমিতে আগের অর্ধেক ধানও হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক মাটি বেচাকেনার ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যবসায়ী জানান, তাঁরা কৃষকদের কাছ থেকে নগদ টাকায় মাটি কিনে ট্রাক্টর দিয়ে নিয়ে যান।
আলতাফ ব্রিকসের এসকেলেটর চালক সোহাগ মিয়া জানান, নিকলীতে মেসার্স আলতাফ ব্রিকস, মেসার্স কামার ব্রিকস ও মেসার্স সামিয়া ব্রিকস নামে তিনটি ইটভাটা রয়েছে। তাঁরা দুটি এসকেলটর মেশিন দিয়ে মাটি কেটে তিনটি ইটভাটায় ২০টি ট্রাক্টর দিয়ে তা সরবরাহ করেন। প্রতিটি টাক্টর প্রতিদিন ২০ বার মাটি নিয়ে যায় ইটভাটায়।