ফসলি জমির মাটি কাটা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরবর্তী চর কিশোরগঞ্জ এলাকায় কৃষকদের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার প্রতিবাদে ও তা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা। পাশের চরহোগলা এলাকায় গতকাল সোমবার তাঁরা এ কর্মসূচি পালন করেন। 

মানববন্ধন চলাকালে এলাকার অনেকে জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিনের নেতৃত্বে প্রতিদিন ৫০টির বেশি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে নদীর তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে। এভাবে এ পর্যন্ত প্রায় চার শ বিঘা জমির মাটি কেটে নেওয়া হয়েছে। এতে বাধা দেওয়ায় নিরীহ কৃষকদের মামলায় ফাঁসানো হয়েছে। বিভিন্ন সময় বালু ব্যবসায়ীদের হামলার শিকারও হয়েছেন গ্রামবাসী।

স্থানীয় কৃষক আবদুল জব্বার, রফিকুল ইসলাম ও হোসেন আলী বলেন, মেঘনা নদীর তীরে চর কিশোরগঞ্জ ও চরহোগলা গ্রামের কৃষকদের প্রায় দুই হাজার বিঘা জমি রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারের নাম ভাঙিয়ে বালু ব্যবসায়ী নাছির মেম্বার ও তাঁর বাহিনী গ্রামবাসীর প্রায় চার শ বিঘা ফসলি জমির মাটি কেটে নিয়েছে। এর ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে গ্রামবাসীর ফসলি জমি। যেটুকু জমি আছে, তা-ও ভাঙনের ঝুঁকির মুখে।

গতকাল এই প্রতিবেদক ওই এলাকায় গেলে খননযন্ত্রশ্রমিক মতিন মিয়া বলেন, ‘৪০ থেকে ৫০টি ড্রেজার দিয়ে আমরা প্রতিদিন মাটি কাটি। প্রতিদিনই আট থেকে ১০ লাখ টাকার মাটি বিক্রি হয়।’ 

ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা নাসির বলেন, ‘নদীর তীর থেকে কিছু মাটি কেটেছি সত্য। তবে তা চার শ বিঘা হবে না।’ 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, দলের নাম ভাঙিয়ে যাঁরা কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান (ইউএনও) বলেন, এর আগেও কৃষকদের ফসলি জমি থেকে মাটি কাটার সময় কয়েক দফা অভিযান চালিয়ে খননযন্ত্র জব্দ ও শ্রমিকদের আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। 

সোনারগাঁ থানার ওসি রিজাউল হক জানান, বালুসন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।