ফসলি জমির মাটি কাটার মহোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিচু জায়গা ভরাট, ইট তৈরিসহ বিভিন্ন কাজের জন্য চলছে ফসলি জমির মাটি বেচাকেনার রমরমা ব্যবসা। গত ডিসেম্বর মাসের প্রথম থেকে মাটি কাটার মহোৎসব শুরু হয়। অভাবী কৃষকেরা এই মাটি বিক্রি করছেন। আর এ কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তার ভাষ্যমতে, জমির উর্বরতা শক্তি ওপর থেকে ১৫-২০ ইঞ্চির মধ্যে থাকে। তাই ওপর থেকে মাটি সরিয়ে ফেলায় উর্বরতা শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময়ে সেই জমির ওপর বিভিন্ন পদার্থ জমে উর্বরতা শক্তি ফিরে আসতে শুরু করে। এভাবে আগের মতো উর্বরতা শক্তি ফিরে আসতে কমপক্ষে ১০-১৫ বছর সময় লাগে। আর এভাবে মাটি বিক্রি অব্যাহত থাকলে একসময় ফসল উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।উপজেলার চরপাতা, চরবংশী, বামনী, কেরোয়া ও রায়পুর ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে ফসলি জমির মাটি বিক্রিও শুরু হয়েছে। আবাদি জমির ওপরের অংশ এক থেকে দুই ফুট গর্ত করে কেটে নেওয়া হচ্ছে। একশ্রেণীর ব্যবসায়ী এই মাটি কৃষকের কাছ থেকে কিনে ট্রলিতে করে ইটভাটা বা নিচু জমি ভরাটের জন্য বিক্রি করছেন। বামনী গ্রামের সাইফুল আলম বলেন, ‘কয়েক দিন আগে ১০ হাজার টাকায় ৩০ শতাংশ জমির মাটির ওপর থেকে দুই ফুট বিক্রি করেছি। অভাব-অনটনের কারণে এ মাটি বিক্রি করেছি।’ কেরোয়া গ্রামের মো. শিপন বলেন, ‘সবাই মাটি বিক্রি করছে। তাই আমিও বিক্রি করছি। ১২ শতাংশ জমির মাটি বিক্রি করেছি পাঁচ হাজার টাকায়।’চরপাতা গ্রামের মহিম উদ্দিন বলেন, দুই বছর ধরে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক চলছে। একশ্রেণীর ব্যবসায়ী এই মাটি কিনে জেলার ইটভাটাগুলোতে বিক্রি করছেন। এখন উপজেলার প্রায় ৪০ শতাংশ কৃষক টাকার লোভে পড়ে মাটি বিক্রি করছেন।তিন বছর ধরে মাটি বেচাকেনার ব্যবসা করছেন মো. ইব্রাহিম। তিনি বলেন, ‘মানুষ বিল ভরাট করে বাড়ি করছে। এ জন্য প্রচুর মাটির প্রয়োজন রয়েছে। আমরা কৃষকের কাছ থেকে নগদ টাকায় মাটি কিনে শ্রমিক দিয়ে ট্রলিযোগে মাটিগুলো নিয়ে যাই।’উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শামীম আলম প্রথম আলোকে বলেন, ‘কৃষকদের মাটি বিক্রি না করার বিষয়ে সচেতন করার পরও তাঁরা আমাদের কথা শুনছেন না। নগদ টাকার আশায় তাঁরা মাটি বিক্রি করছেন। মাটি বিক্রি করে সাময়িক অভাব দূর হলেও উৎপাদন ব্যাহত হচ্ছে। আর এ-সংক্রান্ত কোনো আইন না থাকায় আমরা কিছুই করতে পারছি না।’