ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতভিটার কিছু দূরেই ফসলি জমি। সরষেখেতে হলুদের সমারোহ। চাষ করা হয়েছে আলু, মসুরসহ বিভিন্ন রবিশস্য। এসব খেতের পাশেই অনেক জমি পাঁচ-সাত ফুট নিচু। সেখান থেকে যন্ত্র দিয়ে মাটি কেটে নেওয়া হয়েছে। এই চিত্র নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাধুরচর গ্রামের।
গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। গ্রামের বসতভিটার পাশে ৩০০ বিঘা জমি রয়েছে। ইতিমধ্যে প্রায় ৫০ বিঘা থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। জমির মালিকদের অল্প কিছু টাকা দিয়ে জোরজবরদস্তি করে মাটি কাটা হচ্ছে। প্রতিবাদ করলে মারধর ও হয়রানির শিকার হচ্ছে গ্রামবাসী। এ বিষয়ে মানববন্ধনসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার মিলছে না।
একই অবস্থা পার্শ্ববর্তী সাদিপুর ইউনিয়নের কাজরদী গ্রামের। সেখানে ৫০ বিঘা ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে।
মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার স্মারকলিপি দেন উপজেলার লাধুরচর গ্রামের বাসিন্দারা। ১২০ জন স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দুই মাস ধরে নয়নবাবু নামের এক ব্যক্তি সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রের মহড়া দিয়ে কৃষকদের নামমাত্র মূল্য দিয়ে ফসলি জমির মাটি কেটে পার্শ্ববর্তী বন্দর উপজেলার কেওঢালা ও জাঙ্গাল এলাকার বিভিন্ন ইটভাটায় বিক্রি করে দিচ্ছেন। কৃষকেরা জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা রমজান আলী ও রজ্জব হোসেন নামের দুই কৃষককে পিটিয়ে আহত করেছে।
গ্রামের কৃষক সামসুল হক বলেন, ‘নয়নবাবু নামমাত্র টাকা দিয়ে আমার ১০ শতক জমির মাটি কেটে নিয়েছেন। প্রতিবাদ করায় হুমকি-ধমকি দিচ্ছেন। গত মাসে গ্রামের দুজনকে তাঁরা মারধর করেছিলেন।’
আরেক কৃষক মনোয়ার হোসেন বলেন, ‘সন্ত্রাসীদের ভয়ে আমরা অনেকটা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছি। মাটি কাটা বন্ধ না হলে এই এলাকার মানুষের ফসলি জমি ধ্বংস হয়ে যাবে। জমিতে ফসল ফলাতে না পারলে কৃষকেরা বাঁচতে পারবেন না।’
জোর করে মাটি কাটার অভিযোগ অস্বীকার করে নয়নবাবু বলেন, কৃষকদের কাছ থেকে ন্যায্য দামে মাটি কেনা হয়েছে।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউসুফ দেওয়ান বলেন, লাধুরচর গ্রামের কৃষকেরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। অভিযোগের সত্যতা মিলেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
এদিকে সাদিপুর ইউনিয়নের কাজরদী গ্রামে গত রোববার দেখা যায়, ৫০ একর জমির মাটি ৫-১০ ফুট গর্ত করে কেটে নেওয়া হয়েছে। এক্সকাভেটর দিয়ে মাটি কাটার কাজ চলছে। সেখান থেকে ট্রাকে করে মাটি পার্শ্ববর্তী কেওঢালা এলাকার বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। একদল যুবক সেখানে মহড়া দিচ্ছেন।
কাজরদী গ্রামের কৃষক রুস্তম আলী বলেন, ‘চার হাজার টাকা দিয়ে আমার এক বিঘা জমির মাটি কেটে নিয়েছে। প্রতিবাদ করলে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা ও পুলিশের ভয় দেখায়।’
কয়েকজন কৃষক বলেন, এ গ্রামের প্রভাবশালী ব্যক্তি আমিনুল ইসলাম সিন্ডিকেট করে কৃষকদের মাটি বিক্রি করে দিচ্ছেন। ভয়ে কেউ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে চায় না।
এই অভিযোগ অস্বীকার আমিনুল ইসলাম বলেন, কারও জমির মাটি জোর করে কাটা হচ্ছে না।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপপরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, যেসব ইটভাটার মালিক অবৈধভাবে পরিবেশ বিপর্যয় করে কৃষকদের জমির মাটি এনে ইট তৈরি করছেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, কয়েক দিনের মধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফসলি জমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।