কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) বেচাকেনার ধুম পড়েছে। আর এ মাটি যাচ্ছে ইটভাটার ইট তৈরি ও নিচু জমি বা গর্ত ভরাটের কাজে। ফসলি জমির মালিকেরা তাঁদের জমি ও চাষাবাদের জন্য হুমকি জেনেও মোটা অঙ্কের টাকার লোভে পরিবেশ বিধ্বংসী এ কাজ করছেন। কৃষি বিভাগ জানায়, জমির উপরিভাগের চার থেকে ছয় ইঞ্চি মাটিতেই মূলত বেশি পুষ্টি থাকে, যা ফসল উৎপাদনে খুবই সহায়ক। এভাবে বছর বছর মাটি কাটার কারণে জমির পুষ্টিগুণ ও উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। ফলে ক্রমেই বাড়ছে সারের চাহিদা। এভাবে মাটি তুলে নেওয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে বিস্তীর্ণ কৃষিজমি পরিত্যক্ত হয়ে যাবে। ফসল উৎপাদনে বিপর্যয় নেমে বাড়বে খাদ্য ঘাটতি। অনুসন্ধানে জানা গেছে, রামু উপজেলায় এ বছর ২৯টি ভাটায় ইট তৈরির কাজ চলছে। প্রতিবছর এসব ইটভাটায় দরকার পড়ছে বিপুল পরিমাণ মাটির। ভাটার মালিকেরা এ চাহিদা মেটাতে চড়া দামে কৃষিজমির মাটি কিনছেন। ইটভাটার একজন মালিক জানান, প্রতিবছর ইট তৈরির মৌসুমে মাটির চাহিদা মেটাতে মালিকদের হিমশিম খেতে হয়। তাই শীত মৌসুম এলে মালিকেরা মাটি মজুদ করা শুরু করেন। তবে গত বছরের চেয়ে অতিরিক্ত দাম দিয়েও চাহিদামতো মাটি না পেয়ে অনেক ইটভাটা মালিকই বেকায়দায় আছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা, উখিয়ার ঘোনা, ফতেখাঁরকুলের লম্বরীপাড়া, পশ্চিম মেরংলোয়া, খেন্চর ঘোনা, চাকমারকুলের মিস্ত্রিপাড়া, কলঘরসহ বিভিন্ন স্থানে বিস্তীর্ণ ফসলি জমিতে মাটি কাটা চলছে। প্রতিদিন অসংখ্য শ্রমিক মাটি কেটে পিকআপে করে ইটভাটাসহ বিভিন্ন স্থানে তা সরবরাহ করছেন। গত মঙ্গলবার উখিয়ারঘোনা এলাকায় গেলে দেখা যায়, একই স্থানে অর্ধশতাধিক শ্রমিক মাটি কাটছেন। আট-দশটি পিকআপে এ মাটি রামুর ইটভাটাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। একই চিত্র দেখা গেল, চাকমারকুলের কলঘর ও জারাইলতলী এলাকায়।নাম প্রকাশ না করার শর্তে দুই জমির মালিক জানান, ধান বা খেতের জন্য জমি ইজারা দিলে বছরে ১০ হাজার টাকার বেশি পাওয়া যায় না। কিন্তু মাটি বেচলে প্রতি কানি (৪০ শতক) জমি থেকে ১৫-২০ হাজার টাকা পাওয়া যায়। এ ছাড়া অনেক জমি (এক ফসলি) উঁচু হওয়ায় পানিনিষ্কাশনের অভাবে দুবার চাষাবাদ করা যায় না। মাটি বেচার কারণে এসব জমিতে দুবার চাষাবাদ করা যাচ্ছে। তবে এভাবে মাটি তুলে ফেললে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার বিষয়টি তাঁরা স্বীকার করেন।রামু কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, স্বাভাবিকভাবে এক কানি জমিতে প্রায় ৩৫ কেজি ইউরিয়া দরকার হয়, কিন্তু মাটি কাটা জমিতে প্রায় দ্বিগুণ সার লাগে। ওই জমিতে ফলনও স্বাভাবিকের চেয়ে কম হয়। তিনি জানান, জনসংখ্যা বৃদ্ধির কারণে এমনিতেই প্রতিবছর কৃষিজমিতে নতুন নতুন বাড়িঘর তৈরি করায় দেশে ফসলি জমি কমে যাচ্ছে। আবার নির্বিচারে টপ সয়েল কাটার কারণে জমি নিচু ও গর্তে পরিণত হচ্ছে। এ ছাড়া নিচে নেমে যাচ্ছে পানির স্তর। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন জানান, মাটি বেচে মালিকেরা বেশি টাকা পাচ্ছেন ঠিক, কিন্তু তারা বুঝতে পারছেন না ভবিষ্যতে এ জমি পরিত্যক্ত হয়ে যেতে পারে। তা ছাড়া জমির হারানো পুষ্টি ফিরে পেতে ১৫ থেকে ২০ বছর সময় লাগে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিস্তীর্ণ জমি পরিত্যক্ত হয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রথম আলোকে বলেন, জমির মালিকেরা পরিবেশ আইন ও ভূমি নীতিমালা অমান্য করে এ কাজ করছেন, যা পরিবেশ ও জমির জন্য হুমকি। শিগগির এ ব্যাপারে অভিযান চালানো হবে বলেও তিনি জানান।