ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফসলি জমির মাটি কেটে ট্রাকে ভরা হচ্ছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কোদলাদিগর গ্রাম থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ফসলি জমির মাটি কেটে ট্রাকে ভরা হচ্ছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কোদলাদিগর গ্রাম থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। নগদ টাকার আশায় মালিকেরা মাটি বিক্রি করে দিচ্ছেন। এদিকে, মাটির ওপরের স্তর কেটে নেওয়ায় জমিগুলো অনুর্বর হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।
গত সোমবার উপজেলার ধানগড়া, সোনাখাড়া, ব্রহ্মগাছা, চান্দাইকোনা, ঘুড়কা ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম ঘুরে ফসলি জমির মাটি ইটভাটার জন্য বিক্রি করতে দেখা যায়। রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মণ্ডল বলেন, ফসল উৎপাদনে জমির উপরিভাগ (টপ সয়েল) জরুরি। অথচ বিভিন্ন এলাকার জমির টপ সয়েল দেদার ইটভাটায় বিক্রি করে দেওয়া হচ্ছে। কৃষকদের এ বিষয়ে পরামর্শ দিয়েও তেমন উপকার হচ্ছে না। এভাবে ফসলি জমির মাটি কাটা হলে ফসল উৎপাদনে রায়গঞ্জের সুনাম ধরে রাখা কঠিন হবে বলে তিনি আশঙ্কা করেন।
মাটি কাটার শ্রমিক ও জমির মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩৩টি ইটভাটা আছে। তবে উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাদের বলেন, তাঁদের সমিতির আওতায় ১৪টি ইটভাটা রয়েছে। ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি। ইট তৈরির এ মৌসুমে একশ্রেণির মাটি ব্যবসায়ী আসেন। তাঁরা বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জমির মাটি কিনে নেন।
মাটির ব্যবসার সঙ্গে যুক্ত তিনজন বলেন, এক বিঘা জমির এক ফুট থেকে দেড় ফুট পর্যন্ত গভীর মাটির দাম ৮ থেকে ১০ হাজার টাকা।
উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলাদিগর গ্রামের ইয়াছিন আলী বলেন, দেড় ফুট গভীর করে দেড় বিঘা জমির মাটি তিনি ১৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
মাটি নিতে আসা ট্রাকের কারণে গ্রামের রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলার বাঁশাইল গ্রামের আবু সাইদ বলেন, ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছী সড়কের দুই পাশে পাঁচটি ইটভাটা। ইটভাটায় আসা ট্রাকের কারণে চলাচল করা দুরূহ হয়ে পড়েছে। ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে এ সড়কটি।
সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন, ইটভাটায় ফসলি জমির মাটি বহনকারী ট্রাকের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উপজেলা সমন্বয় সভায় বলা হয়েছে।
তিনজন ভাটামালিক বলেন, ইট তৈরিতে মাটি লাগবেই। এর কোনো বিকল্প নেই। আর ইটের চাহিদা বাড়ায় উপজেলায় ইটভাটার সংখ্যা বাড়ছে।
সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ বলেন, গত মাসে সরকারি জায়গা থেকে মাটি কাটা ও সড়ক ক্ষতিগ্রস্ত করার দায়ে কয়েকজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, কেউ নিজের জমি থেকে মাটি কাটলে তাঁদের কিছু করার নেই। তবে সরকারি জায়গা থেকে মাটি না কাটার জন্য মাইকিং করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত আছে।