ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর এলাকায় খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলেছেন, এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হবে।
৮ জানুয়ারি বিকেলে সরেজমিনে দেখা গেছে, হাকালুকি হাওরপারের জায়ফরনগরে খননযন্ত্র দিয়ে তিন-চার ফুট গভীরতায় ফসলি জমির মাটি কেটে ট্রাকে বোঝাই করা হচ্ছে। খননযন্ত্রের চালক আতা খান জানান, পাশের ভূঁয়াই এলাকায় অবস্থিত ‘বাবু ব্রিকস’ নামের একটি ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে। ইটভাটাটির মালিকের নাম বাবুল আহমেদ ওরফে বাবু। তাঁর বাড়ি হামিদপুর গ্রামে।
আতা খান আরও জানান, জমির মালিকেরা মাটি বিক্রি করেন। এক বিঘা জমির মাটির দাম ১৫ হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে মাটি বিক্রেতা একাধিক ব্যক্তি জানান, ধান চাষ করে লাভ হয় না। তাই তাঁরা মাটি বিক্রি করছেন।
পাশের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বশির মিয়া বলেন, ‘মানুষে জমিনের মাটি বেচিয়া বাড়ির কিনারে হাওর বানাইরা।’
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল বলেন, ‘ফসলি জমির উপরিস্তরের ছয় ইঞ্চি গভীরতায় মাটি কেটে নিলে উর্বরতা নষ্ট হয়। এর পর যে মাটি থাকে, তাতে ফলন ভালো হয় না। প্রতিবছর ১ থেকে ২ শতাংশ আবাদযোগ্য জমি কমছে।
পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ বলেন, মালিক মাটি বিক্রি করলে আইনিভাবে তাঁদের করার কিছু নেই।