
বরগুনার আমতলী উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রির হিড়িক পড়েছে। কৃষকদের অভাবের সুযোগে এসব মাটি কিনে নিয়ে ইট তৈরির কাজে লাগানো হচ্ছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, মাটির উপরিভাগের ১০-১৫ ইঞ্চির মধ্যে উর্বরতা শক্তি থাকে। তাই এসব মাটি খুঁড়ে বিক্রি করার ফলে তা পুনরায় ফিরে আসতে ১০-১৫ বছর সময় লাগে। আর বারবার তা খোঁড়া হলে এসব জমি ফসল উৎপাদনে স্থায়ীভাবে একেবারে অক্ষম হয়ে পড়তে পারে।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ও লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠ থেকে আমন ধান ওঠার পরপরই ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়। আর এসব মাটি ট্রাকে ও ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। আমতলী উপজেলায় বৈধ-অবৈধ মিলিয়ে ১৮টি ইটভাটা রয়েছে।
মাটি বিক্রি করেছেন—এমন চার-পাঁচজন কৃষক জানান, ইটভাটায় মাটি সরবরাহের জন্য একশ্রেণির দালাল চক্র গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের মাটি বিক্রি করতে উৎসাহ জোগায় এবং স্বল্পমূল্যে উপরিভাগের এসব মাটি কেটে কিনে নেয়। দীর্ঘমেয়াদি ক্ষতির কথা না জেনে সহজ-সরল কৃষকেরা নগদ লাভের আশায় জমির মাটি বিক্রি করেন।
উপজেলার হলদিয়ার এলাকার শিক্ষক জয়নাল আবেদীন বলেন, আগে পতিত বা চাষ হয় না—এমন জমির মাটি নিচু জায়গা ভরাট, রাস্তা উঁচু বা নির্মাণকাজে ব্যবহারের জন্য কেটে নেওয়া হতো। আবার অনেকে পুকুর কাটার মাটি দিয়ে এসব কাজ করতেন। এখন ইটের ভাটায় মাটির চাহিদা বেড়ে যাওয়ায় ফসলি জমির মাটি বেচাকেনা হচ্ছে দেদার। আসলে তাঁরা এসব ক্ষতির বিষয়টি জানেন না বলেই মাটি বিক্রি করছেন।
কালীবাড়ী এলাকার কৃষক ওয়াজেদ হাওলাদার বলেন, ‘অভাবের কারণে আমি এক বিঘা জমির মাটি ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি। ভাটার লোকজন এসে জমির খেতের উপরিভাগ থেকে দুই ফুট গভীর করে মাটি কেটে নিয়েছে।’ চালিতাবুনিয়া গ্রামের কৃষক মঈনুদ্দিন হাওলাদার জানান, তাঁর এক একর জমির উপরিভাগের দুই ফুট মাটি পাশের একটি ইটভাটায় ২৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
দীর্ঘদিন ধরে মাটি বেচাকেনার সঙ্গে জড়িত মো. দুলাল জানান, ইটভাটায় ইট তৈরির জন্য প্রচুর মাটির প্রয়োজন। এ জন্য বর্তমানে মাটির চাহিদা বেড়ে গেছে। এ ছাড়া নতুন নতুন ঘরবাড়ি উঠছে। এই ঘরবাড়ি তৈরিতে মানুষ ভিটি করার জন্য মাটি ব্যবহার করছে। মাটির প্রয়োজন বেড়ে যাওয়ায় ছয় বছর ধরে আমতলীতে এই ব্যবসা জমজমাট হয়ে উঠছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করে আমতলীর বেসরকারি সংস্থা এনএসএস। এর নির্বাহী পরিচালক মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ফসলি জমির মাটি বিক্রির বিষয়টি এখন চরম উদ্বেগের পর্যায়ে চলে গেছে। অচিরেই এটা রোধ করা দরকার। না হলে এই উপজেলায় ফসল উৎপাদনে মারাত্মক ধস নামবে।’ এ জন্য কৃষক পর্যায়ে সচেতনতা সৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ নিয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করতে পারেন। এ জন্য যদি তারা (কৃষি বিভাগ) বেসরকারি সংস্থাগুলোর কাছে সহযোগিতা চায়, তবে আমরা সেটা দেব।’
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা বদরুল আলম বলেন, ‘জমির উর্বরতা শক্তি উপরিভাগ থেকে ১৫-২০ ইঞ্চির মধ্যে থাকে। তাই ওপর থেকে মাটি সরিয়ে ফেলায় উর্বরতা শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময় সেই জমির ওপর বিভিন্ন পদার্থ জমে উর্বরতা শক্তি ফিরে আসতে শুরু করে। এভাবে আগের মতো উর্বরতা শক্তি ফিরে আসতে ১০-১৫ বছর সময় লাগে। মাটি বিক্রি করে সাময়িক অভাব দূর হলেও ক্ষতি হয় অনেক বেশি। আমরা কৃষক পর্যায়ে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেব। তবে এ জন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’