ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরে প্রকাশ্যে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। ২ থেকে ১০ ফুট পর্যন্ত গভীর করে ফসলি জমির উপরি স্তর থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে জমি থেকে উর্বর মাটি চলে যাওয়ায় একদিকে যেমন জমি অনুর্বর হয়ে যাচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে কৃষিজমির পরিমাণ।
অভিযোগ উঠেছে, ভাটার মালিকেরা এলাকার প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করে জমির মালিকদের মাটি বিক্রি করতে বাধ্য করছেন। তবে অনেক জমির মালিক আবার বেশি টাকার প্রলোভনে নিজেরাই মাটি বিক্রি করছেন। প্রশাসনের চোখের সামনেই এভাবে মাটি বিক্রি চললেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
উল্লাপাড়া কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রায় ৩৩ হাজার হেক্টর আবাদি জমি রয়েছে। এই জমিতে প্রতিবছর সরিষা, বোরো, আমন ধানসহ বিভিন্ন সবজির চাষাবাদ হয়ে থাকে। জমির ওপরের স্তর থেকে উর্বর মাটি কেটে নেওয়ায় এসব ফসলের আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে উৎপাদনও কমে যাচ্ছে।
সরেজমিনে গত বুধবার উপজেলার সদর ইউনিয়নের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চৌকিদহ ব্রিজের কাছে শ্রীকোলা মাঠ, পূর্ণিমাগাতী, বড়হর, রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও বেকো মেশিন দিয়ে, কোথাও শ্রমিক দিয়ে মাটি কাটা হচ্ছে। প্রতিদিন শত শত ট্রাক মাটি পরিবহন করছে। শ্রীকোলা মাঠের সরিষাখেতের জমি থেকে বেকো মেশিন দিয়ে প্রায় ১০ ফুট গর্ত করে মাটি কাটা হচ্ছে। এ জন্য চার-পাঁচটি বেকো মেশিন সারা দিন কাজ করছে। একই সঙ্গে শ্রমিক কোদাল দিয়েও মাটি কেটে নিচ্ছেন।
উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের গোয়ালজানি মাঠে গিয়ে দেখা গেল, শতাধিক শ্রমিক দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রলিতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পাশের রনি ও সাফাদ ইটভাটায়।
ঘটনাস্থলে উপস্থিত বেবি ব্রিকসের ব্যবস্থাপক আতাউর রহমান বলেন, ‘আমরা মালিকের নির্দেশে মাটি কাটার কাজ দেখাশোনা করছি। জমির মালিকদের কাছ থেকে কিনে নেওয়ার পর মাটি কাটা হচ্ছে। জমির মালিকদের নির্দেশনা অনুযায়ী গর্ত করা হচ্ছে। অনেকেই পুকুর করছে।’
জমির মালিক ইসরাফিল হোসেন বলেন, ‘আমার জমির পাশের জমি গর্ত করে কেটে নেওয়ায় আমি মাটি দিতে বাধ্য হয়েছি। দুই ফুট করে মাটি কেটে নিতে দিয়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন বলেন, কৃষিজমি থেকে উর্বর মাটি কেটে নেওয়াটা নিয়মবহির্ভূত। বিষয়টি ইটভাটার মালিকদের জানানো হয়েছে। তারপরও যেসব জমির মাটি কাটা হচ্ছে, সেগুলোর বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
বেবি ব্রিকসের মালিক আবদুল মজিদ বলেন, ‘ইটের জন্য জমির ওপরের স্তরের মাটির বিকল্প নেই। তাই মরা এই মাটি কাটতে বাধ্য হচ্ছি।’
উপজেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি নান্নু মিয়া বলেন, এক বিঘা জমি বছরে ইজারা দিলে সাত হাজার টাকা পাওয়া যায়। আর এক বিঘা জমির পুকুর ইজারা দিলে ১৪ হাজার টাকা পাওয়া যায়। ফলে জমির মালিকেরা ইটভাটার মালিকদের কাছে মাটি বিক্রি করে যেমন লাভবান হচ্ছেন, তেমনি মাটি কাটিয়ে মুফতে পুকুরও করিয়ে নিয়ে লাভ করছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আকরাম হোসেন জানান, ভূমি ব্যবহার নীতিমালা, ২০০১ অনুযায়ী জমির টপ সয়েল কাটার নিয়ম নেই। শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এভাবে মাটি কাটা বন্ধ করা হবে বলে জানান তিনি।