বরগুনার আমতলী উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রির হিড়িক পড়েছে। এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশ থেকেও মাটি বিক্রি করা হচ্ছে। কৃষকদের অভাবের সুযোগ নিয়ে এসব মাটি কিনছেন ইটভাটার মালিকেরা।
স্থানীয় সূত্র ও উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে জানা যায়, মাঠ থেকে আমন ধান ওঠার পরপরই ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়। আর এই মাটি ট্রাক ও ট্রলিতে করে নিয়ে যাওয়া হয় ইটভাটায়। মাটি যাচ্ছে আমতলী-তালতলী দুই উপজেলার ইটভাটাগুলোতে। এই দুই উপজেলায় বৈধ-অবৈধ মিলিয়ে ২৫টি ইটভাটা রয়েছে।
মাটি বিক্রি করেছেন, এমন চার-পাঁচজন কৃষক বলেন, ইটভাটায় মাটি সরবরাহের জন্য একশ্রেণির দালালচক্র গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের মাটি বিক্রি করতে উৎসাহ জোগায় এবং স্বল্পমূল্যে উপরিভাগের এসব মাটি কেটে কিনে নেয়। দীর্ঘমেয়াদি ক্ষতির কথা না জেনে সহজ-সরল কৃষকেরা নগদ লাভের আশায় জমির মাটি বিক্রি করে দেন। এক হাজার ঘনফুট মাটি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের বাদুরা, সোনাখালী, চাউলা, আমতলী সদর ইউনিয়নের সেকান্দারখালী, বান্দ্রা ও খলিয়ান এলাকার বাঁধের চরের মাটি ভাটার মালিকেরা কেটে নিচ্ছেন। আবার অনেকে ইটভাটায় মাটি বিক্রির জন্য কৃষিজমি কেটে পুকুর খনন করছেন। এর ফলে হাজার হাজার একর কৃষিজমি উর্বরতা হারাচ্ছে এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধও বড় ধরনের হুমকির মধ্যে পড়েছে।
গত শুক্রবার দুপুরে উপজেলার উষশীখালী গ্রামে গিয়ে দেখা যায়, ২০-২৫ জন শ্রমিক মিলে ফসলি জমি দুই থেকে আড়াই ফুট গভীর করে মাটি কাটছেন। আরেক দল শ্রমিক ওই মাটি ট্রলিতে তুলছেন। মাটি কাটায় নিয়োজিত শ্রমিকদের সরদার দুলাল মিয়া বলেন, ফসল কাটার শেষে জমি পতিত পড়ে আছে। তাই জমির মালিকেরা মাটি বিক্রি করছেন।
একই দৃশ্য দেখা যায়, আমতলী উপজেলার ফকিরবাড়ি, বান্দ্রা, ছোট নীলগঞ্জ খলিয়ান, ঘটখালী, কালীবাড়ী, হলদিয়া, তালুকদার বাজার, চাউলা, সোনাখালী ও বাদুরা এলাকায়। শ্রমিকেরা এসব এলাকার ফসলি জমির মাটি কেটে ট্রলার ও ট্রলিতে বোঝাই করে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাচ্ছেন।
মাটি কাটা শ্রমিকদের সর্দার আলাউদ্দিন বলেন, আঠারোগাছিয়ার ইউনিয়নের তিনটি ইটভাটায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশের জমির মালিকদের কাছ থেকে তাঁরা মাটি কিনে কেটে আনছেন।
পূর্ব কুকুয়া গ্রামের কৃষক মাইনুদ্দিন বলেন, এলাকার অনেকেই জমির মাটি বিক্রি করে দিয়েছেন। দালালদের প্রলোভনে পড়ে এসব কৃষক দেদারসে মাটি বিক্রি করে দিচ্ছেন।
এ উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করছে বেসরকারি সংস্থা এনএসএস। সংস্থাটির নির্বাহী পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, ফসলি জমির মাটি বিক্রির বিষয়টি এখন চরম উদ্বেগের পর্যায়ে চলে গেছে। অচিরেই এটা রোধ করা দরকার। না হলে উপজেলায় ফসল উৎপাদনে মারাত্মক ধস নামবে। কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, কৃষিজমির মাটির উপরিভাগের ছয় ইঞ্চি থেকে দেড় ফুট পর্যন্ত রাসায়নিক উপাদান থাকে। এই মাটি কেটে নেওয়া হলে জমি যেমন তার উর্বরতা শক্তি হারায়, তেমনি ফসল উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুর রহমান মুঠোফোনে বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।