ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ ও পাবনার বেড়ায় অবাধে ফসলি জমির উপরিভাগের (টপ সয়েল) মাটি বিক্রি করা হচ্ছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে জোর করে অথবা প্রলোভন দেখিয়ে মাটি কিনে ইটভাটার মালিক ও সাধারণ লোকজনের কাছে বিক্রি করছেন। এঁরা নিচু জমি ভরাট ও ইট তৈরির জন্য এসব মাটি ব্যবহার করছেন। এতে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায় ফসলের উৎপাদন ব্যাপকভাবে কমে যাবে বলে কৃষি কর্মকর্তারা আশঙ্কা করছেন।শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়। এপ্রিল পর্যন্ত এ ব্যবসা চলে। আগে পতিত বা চাষ হয় না—এমন জমির মাটি দিয়ে ইট তৈরি ও নিচু জায়গা ভরাট করা হতো। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় এখন ফসলি জমির মাটি বিক্রি হচ্ছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সহজ-সরল কৃষক ও জমির মালিকদের টাকার লোভ দেখিয়ে আবাদি জমির মাটি কেনেন বলে অভিযোগ রয়েছে। তাঁরা এ মাটি আবার বেশি দামে ইটভাটার মালিকদের কাছে বিক্রি করেন। বর্তমানে এ উপজেলায় ছোট এক ট্রাক (তিন টন) মাটি ৩৫০ থেকে ৩৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সেকেন্দ্রাবাদ, বড়চাপর, কাঞ্জিহারি, শব্দলদীঘি, ঘাঘুরদুয়ার ও গুজিয়া গ্রামে এ বছর সবচেয়ে বেশি জমির মাটি বিক্রি হচ্ছে। এ কয়েকটি গ্রামে কমপক্ষে ৮০ বিঘা জমির মাটি কাটা হয়েছে। এ ছাড়া পুকুরপাড় ও উঁচু ঢিবির মাটি কাটা হয়েছে আরও অনেক। ভাটামালিক বুলবুল ইসলাম জানান, ভাটায় অনেক মাটির প্রয়োজন হয়। এখন আর সহজে মাটি পাওয়া যায় না। তাই বিভিন্ন জায়গা থেকে বা ব্যবসায়ীর মাধ্যমে মাটি কেনেন।উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ‘মাটি বিক্রি করে সাময়িক অভাব দূর হলেও ক্ষতি হয় অনেক বেশি। সচেতনতা না থাকায় এভাবে মাটি বিক্রি করছেন কৃষকেরা। আর আইন না থাকায় আমরাও কিছু করতে পারছি না।’বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হক জানান, ফসলি জমির উপরিভাগের মাটি কাটলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। কেউ নিজের জমির মাটি বিক্রি করলে তখন তাঁদের আর কিছু করার থাকে না। পাবনার বেড়া উপজেলায় ফসলি জমির ওপরের অংশ থেকে মাটি বিক্রি করা হচ্ছে। অভাবী কৃষকেরা বুঝে অথবা না বুঝে এই মাটি বিক্রি করছেন। ইতিমধ্যে উপজেলার বৃশালিখা, পায়লা ও মোহনগঞ্জ গ্রাম থেকে শতাধিক বিঘা জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হয়েছে।মাটি ব্যবসায়ী আবুল কালাম বলেন, ‘প্রতি বিঘা ৫৫ হাজার টাকা হিসেবে এ বছর আমি পাঁচ বিঘা জমির মাটি কিনেছি। ফসল উৎপাদনের চেয়ে মাটি বিক্রিতেই লাভ বেশি বলে কৃষকেরা আগ্রহী হয়েই আমাদের কাছে মাটি বিক্রি করে থাকেন।’ তিনি আরও জানান, এক বিঘা জমির ফসল বিক্রি করে প্রতিবছর সর্বোচ্চ ১৫ হাজার টাকা পাওয়া যায়। কিন্তু এক বিঘা জমির উপরিভাগের মাটি বিক্রি করলে এক বছরেই তাৎক্ষণিকভাবে ৫৫ হাজার টাকা পাওয়া যায়।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, ‘জমির ওপরের এক থেকে দেড় ফুট অংশের মধ্যেই মাটির মূল উর্বরতা শক্তি থাকে। একবার এই অংশটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা শক্তি ফিরে আসতে ছয়-সাত বছর সময় লাগে। আর যাতে কেউ ফসলি জমির উপরিভাগের মাটি না কাটে সে জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে।’