ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে প্রতিদিন ফসলি জমির মাটি কাটা হচ্ছে। আধুনিক খননযন্ত্রের সাহায্যে কাটা মাটি বিক্রি শেষে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইটভাটায়। এতে হারিয়ে যাচ্ছে আবাদি ও কৃষিজমি। আর ঝুঁকির মুখে পড়ছে এক নম্বর ফেরিঘাট।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দৌলতদিয়া ইউপির বাহিরচর দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট এলাকায় জমির মালিক দাবিদার প্রভাবশালীরা ফসলি জমির মাটি বিক্রি করে দিচ্ছে। ট্রাকচালকেরা দাবি করেন, ইটভাটার মালিকদের সঙ্গে জমির মালিকদের চুক্তির ভিত্তিতে তাঁরা শুধু মাটি টেনে নিয়ে ভাটায় পৌঁছে দেন।গতকাল মঙ্গলবার সকালে বাহিরচর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, মরা পদ্মার পাড়ে ধানের চাষাবাদ হয়েছে। পাশে সরিষা ও খেসারির জমিতে যন্ত্র বসিয়ে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। এ সময় সারিবদ্ধভাবে অপেক্ষায় ছিল ১৪টি ট্রাক। মন্টু নামের এক ট্রাকচালক বলেন, এখানকার মাটি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়, খানখানাপুর, জমিদার ব্রিজ, ভাগলপুর, নিমতলার ইটভাটায় নেওয়া হয়। প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ ট্রাক মাটি চলে যাচ্ছে এসব ভাটায়। ভাড়া বাবদ ট্রাকপ্রতি প্রতিদিন দুই হাজার ৩০০ টাকা পান তাঁরা।মাটিকাটা শ্রমিক আলতাফ হোসেন বলেন, জমির মালিককে ট্রাকপ্রতি ৩০০ টাকা দিতে হয়। এ ছাড়া গাড়িপ্রতি কমিশন হিসেবে চালককে ৮০ টাকা, শ্রমিককে ৮০ টাকা ও গাড়ি ভাড়া বাবদ ৮০০ টাকা করে দিতে হয় ভাটার মালিককে।খননকৃত মাটির ট্রাকের সংখ্যা গণনায় নিয়োজিত মো. জীবন বলেন, এখানে জমির মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে একজন ও ভাটার মালিক পক্ষের একজন প্রতিনিধি রয়েছেন। তিনি ভাটার মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বলেন, ফসলি জমি কাটা হচ্ছে না। জমির মালিকেরা ফসলের তুলনায় মাটি বিক্রি করে লাভ বেশি পান। এ ছাড়া প্রতিবছর বর্ষা মৌসুম শেষে দেখা যায়, খননকৃত জায়গা পলিতে ভরাট হয়ে যাচ্ছে। তাই নিজ থেকেই তাঁরা বিক্রি করে থাকেন।খননস্থলে উপস্থিত এলাকার প্রায় তিন বিঘা জমির মালিক দাবিদার জয়নদ্দিন মোল্যা বলেন, প্রতি বিঘা জমি থেকে বছরে সর্বোচ্চ ১০-১২ হাজার টাকার ফসল পাওয়া যায়। অথচ প্রতি বিঘা জমি থেকে অন্তত ৫০ হাজার টাকার মাটি বিক্রি করা যায়। এসব জমিতে সরিষা, ধান, খেসারিসহ বিভিন্ন ফসল হয় বলে জানান তিনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচার বন্দর কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ফেরিঘাট এলাকা ও পদ্মার পার থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষেধ। ব্যক্তি-মালিকানাধীন জমি থাকলেও এভাবে কাটা সম্পূর্ণ অবৈধ। মাটি কাটার কারণে ফেরিঘাট খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ইতিমধ্যে নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিগগিরই রাজবাড়ীর পুলিশ সুপারের কাছেও চিঠি দেওয়া হবে।দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের কাছে মাটি বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসামাত্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’