ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিজমির মাটি দিয়ে শরীয়তপুরের ইটভাটাগুলোয় ইট তৈরি করা হচ্ছে। জমির ওপরের উর্বর মাটি কেটে নেওয়ায় ফসল উৎপাদনক্ষমতা কমে যাচ্ছে। এভাবে গর্ত করে মাটি নেওয়ায় জমিতে ভাঙন দেখা দিচ্ছে। এভাবে প্রতিনিয়ত কৃষিজমি কমে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে কৃষক ও কৃষি বিভাগ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয়, জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, জেলায় ৪৫টি ইটভাটা রয়েছে। গড়ে প্রতিটি ইটভাটায় বছরে ৭০ থেকে ৮০ লাখ ইট তৈরি হয়। অধিকাংশ ইটভাটা ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করে। অক্টোবর থেকেই ফসলি জমি থেকে ইটভাটাগুলোয় মাটি নেওয়া শুরু হয়। শরীয়তপুরের ১০টি স্থান থেকে এস্কাভেটরের (মাটি কাটার যন্ত্র) সাহায্যে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের দরিদ্র কৃষকদের কাছ থেকে ইটভাটার মালিকেরা প্রতি শতাংশ জায়গার মাটি পাঁচ হাজার টাকা দরে কিনে নেন। কিন্তু তাঁরা ১০ থেকে ১২ ফুট গভীর করে জমি থেকে মাটি কেটে নেন। এভাবে জমির মধ্যবর্তী স্থান থেকে মাটি কাটায় আশপাশের জমিতে ভাঙন দেখা দেয়। ফসলি জমির ওপরের অংশ কেটে নেওয়ায় জমির উর্বরতা শক্তি কমে যায়। ফসল উৎপাদন হ্রাস পায়। এভাবে প্রতিবছর শরীয়তপুরে আনুমানিক আড়াই থেকে তিন একর ফসলি জমির ওপরের অংশের মাটি কেটে ইটভাটায় নেওয়া হয়। কৃষি বিভাগ, কৃষক, ইটভাটার মালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।মাটি বিক্রেতা গয়গড় গ্রামের কৃষক ইকবাল চৌকিদার বলেন, ‘আমাদের জমিতে বছরে একটি ফসল হয়। ফসল উৎপাদন করে খরচের টাকা জোগাড় করতে পারি না। তাই মাটি বিক্রি করেছি। এ জায়গায় এখন মাছ চাষ করা হবে।’সদর উপজেলার হাওলাদার ব্রিক ফিল্ডের মালিক আবদুর রাজ্জাক জানান, ইট তৈরি করার জন্য মাটির প্রয়োজন। কৃষিজমি না কাটলে এ মাটি কোথা থেকে আসবে। মাটির বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করতে হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপপরিচালক মনসুর রহমান বলেন, ‘টপ সয়েল (জমির ওপরের অংশের মাটি) কৃষিকাজের বাইরে ব্যবহার করলে ফসলের উৎপাদনক্ষমতা কমে যায়। উর্বরতা শক্তি নষ্ট হয়। শরীয়তপুরে কৃষিজমির মাটি দিয়ে ইট তৈরি করায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। এভাবে চলতে থাকলে এ অঞ্চলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। কৃষকদের বোঝানোর চেষ্টা করি, যাতে তাঁরা ফসলি জমির মাটি বিক্রি না করেন।’জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। কিছু জায়গায় জেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে মাটি বিক্রি না করার জন্য কৃষকদের অনুরোধ করেছেন। কৃষকদের সঙ্গে কথা বলে ইটভাটায় মাটি বিক্রি বন্ধ করার জন্য কৃষি বিভাগ, জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।