ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, কাটা পড়ছে রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ট্রলিতে করে ইটভাটায় নেওয়া হচ্ছে। ট্রলি ওঠানামার জন্য পাকা সড়ক ও কাঁচা রাস্তার কিনারা কাটা হচ্ছে। এতে করে জমির উর্বরতা শক্তি কমছে, ভাঙছে রাস্তা। দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।
গতকাল সোমবার উপজেলার ভেরভেরি, মাঝাপাড়া, বরাতি, মেনানগর, বুড়িরহাট, হাতিবান্ধা, চান্দেরপুকুর, জয়বাংলা, ফরিদাবাদ, পাতাইপাড়া, বানিয়াপাড়া, চিলাপাক, খিয়ারজুম্মাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, আবাদি জমি থেকে মাটি কেটে ট্রলিতে ভরা হচ্ছে। পরে তা নেওয়া হচ্ছে ইটভাটায়। জমি থেকে ট্রলি ওঠানামার জন্য কাঁচা রাস্তা ছাড়াও রংপুর-সৈয়দপুর মহাসড়ক, বামনদিঘী-হাতিবান্ধা, তারাগঞ্জ-বুড়িরহাট, তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বিভিন্ন স্থান কেটে ঢালু করা হয়েছে।
বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, মাটি ব্যবসায়ীরা ট্রলি ওঠানামার জন্য সড়কের পাশের সাত থেকে আট হাত কেটে ঢালের সৃষ্টি করেন। সেই জায়গা দিয়ে মাটিবোঝাই যানবাহন ওঠানামা করায় সড়ক বা রাস্তা ধীরে ধীরে ধসে যেতে থাকে।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইসলাম বলেন, একটি পাকা সড়কের জন্য প্রত্যন্ত এলাকার জনগণকে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। সরকারের খরচ হয় কোটি কোটি টাকা। অথচ আবাদি জমি থেকে ইটভাটায় মাটি সরবরাহের জন্য সড়কগুলো কাটা হচ্ছে। এতে চলাচলের ক্ষেত্রে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিষেধ করলেও ট্রলিচালকেরা তা মানছেন না।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, রংপুর-সৈয়দপুর মহাসড়ক, বুড়িরহাট-তারাগঞ্জ সড়ক, বামনদিঘী-হাতিবান্ধা ও ইকচালী-ভূতপাড়া কাঁচা রাস্তার বিভিন্ন স্থান ট্রলি ওঠানামার জন্য কেটে ফেলা হয়েছে। এসব রাস্তায় দিন-রাত যেভাবে ট্রলিগুলো ইটভাটায় মাটি পরিবহন করছে, তাতে বর্ষার মৌসুমে রাস্তাগুলোর ওই স্থান ধসে পড়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
হাড়িয়ারকুঠি ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, আবাদি জমির মাটি কেটে নেওয়া বেআইনি। সড়ক ও রাস্তা কাটার সংবাদও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এরপরও রাস্তা ও আবাদি জমির উপরিভাগের মাটি কাটা বন্ধে কেউ ব্যবস্থা নিচ্ছে না। মাটি কেটে নেওয়ায় ফসলি জমির উর্বরতা শক্তি হারিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, জমির উপরিভাগের মাটি বিক্রি না করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
জগদীশপুর গ্রামের ট্রলিচালক জিল্লুর রহমান বলেন, ‘রাস্তা কাটা যে অপরাধ তাক্ হামরা জানি না। হামাক কায়ো কয়ও নাই। তা ছাড়া জমি থাকি মাটি নিগা শেষ হইলে তো হামরা কাটা রাস্তাটা ঠিক করি দেই।’
উপজেলা প্রকৌশলী আহাম্মেদ হায়দার জামান বলেন, সড়ক ও রাস্তা কাটা অপরাধ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, রাস্তা কাটার অভিযোগ কেউ করেননি। শিগগিরই রাস্তা কাটা বন্ধে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে।