ফসলি জমির মাটি যাচ্ছে কারখানায় খলিল রহমান,

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক উপজেলার টেংগারগাঁও গ্রামের ফসলি জমি থেকে খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে এভাবেই মাটি কেটে নিচ্ছে ঠিকাদারদের লোকজন। এই মাটি যাবে লাফার্জ সুরমার ক্লিংকার কারখানায়, ছবি: প্রথম আলো
সুনামগঞ্জের ছাতক উপজেলার টেংগারগাঁও গ্রামের ফসলি জমি থেকে খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে এভাবেই মাটি কেটে নিচ্ছে ঠিকাদারদের লোকজন। এই মাটি যাবে লাফার্জ সুরমার ক্লিংকার কারখানায়, ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নে এলোপাতাড়ি ফসলি জমি ও টিলা কেটে মাটি সংগ্রহ করছেন ঠিকাদারেরা। পরে ট্রাকে ভরে লাফার্জ সুরমার ক্লিংকার কারখানায় সরবরাহ করছেন। এতে প্রায় এক হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হওয়ার দাবি করেছে কৃষি বিভাগ। বিষয়টি গত ২০ মার্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

লাফার্জ কারখানা সূত্রে জানা গেছে, সিমেন্ট তৈরির অন্যতম প্রধান উপাদান ক্লিংকার। ক্লিংকার তৈরিতে চুনাপাথরের সঙ্গে মাটির প্রয়োজন হয়। মাটির চাহিদা মেটাতে প্রচুর পরিমাণ মাটি সংগ্রহ করে মজুত করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান জানান, মাটির ওপরের ১৫ থেকে ২০ সেন্টিমিটার অংশই ফসলের উপযোগী। কৃষকেরা তাৎক্ষণিক লাভের আশায় মাটি বিক্রি করছেন। এ কারণে জমি আবাদের অনুপযোগী হয়ে পড়ছে। একসময় এই জমি আর কোনো কাজে আসবে না। অবাধে ফসলি জমি ও টিলা কাটায় পুরো এলাকায় দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তিনি।

লাফার্জ সুরমা সিমেন্ট ও ক্লিংকার কারখানার অবস্থান ছাতক পৌর এলাকার সুরমা নদীর পশ্চিম তীরে। প্রতিষ্ঠানের তিন দিকে নোয়ারাই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গ্রামের ফসলি জমি। প্রতিষ্ঠানের সীমানাদেয়াল ঘেঁষে পশ্চিমে টেংগারগাঁও গ্রাম।

সম্প্রতি টেংগারগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, ১৫-২০টি খননযন্ত্র দিয়ে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। সেই মাটি ট্রাকে করে নেওয়া হচ্ছে ক্লিংকার কারখানার ভেতরে। জমির ওপরের অংশ তিন থেকে চার ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান, তিন মাস ধরে মাটি কাটা হচ্ছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কাটার কাজ চলে।

টেংগারগাঁও গ্রামের কৃষক মাহমুদ আলী জানান, প্রতি কেদার (৩০ শতক) জমির মাটি ৫০ থেকে ৬০ হাজার টাকায় ঠিকাদারের কাছে বিক্রি করছেন। তিনি বলেন, একবার ফসল লাগালে বড়জোর চার থেকে ছয় হাজার টাকার ধান হয়। এর মধ্যে খরচ আছে। কিন্তু মাটি বিক্রি করে কয়েক গুণ বেশি টাকা পাওয়া যায়। বেশি লাভের জন্যই লোকজন মাটি বিক্রি করছেন। একই গ্রামের সমুজ আলী বলেন, ‘মাটি বেচার কারণে ধান না অইলে পুকুর বানাইয়া মাছ চাষ করমু। জমিত আমরারই থাকব।’

কৃষি বিভাগের তথ্যমতে, নোয়ারাই ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রাম ও পৌর এলাকার কিছু জমি থেকে এভাবে মাটি কাটা হচ্ছে। জোড়াপানি গ্রামের ফসলি জমি ও পাহাড়ি টিলা, বাড়ির আঙিনা কেটে মাটি নেওয়া হচ্ছে। গ্রামের যে দিকে চোখ যায়, চারদিকে শুধু ট্রাক আর ট্রাক। পুরো এলাকা ধুলোময় হয়ে আছে।

জোড়াপানি গ্রামের ইমান আলীর বাড়ি ছিল একটি উঁচু টিলার ওপর। তিনি ও তাঁর পরিবারের লোকজন পুরো টিলার মাটি বিক্রি করেছেন। তাঁর অংশের মাটি বিক্রি করেছেন এক লাখ ৬০ হাজার টাকায়। তাঁর ভাতিজা কয়েস মিয়া ৯০ হাজার টাকার মাটি বিক্রি করেছেন। টিলা কাটা নিষিদ্ধ জানেন—প্রশ্ন করলে ইমান আলী বলেন, ‘টিলা হইল দুনিয়ার খুঁটি—এইটা জানি। আমার টিলা তো কোনো কাজে লাগে না। এত উঁচা টিলায় উঠতে-নামতে সমস্যা। এখন মাটি বিক্রির টাকায় দালান ঘর বানাইমু।’

নোয়ারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজাল আবেদিন আবুলও মাটি কেনার ঠিকাদারি করছেন। তিনি জানান, একসময় তিনি মাটি কাটার বিরুদ্ধে ছিলেন। কিন্তু লোকজন তাদের স্বার্থে মাটি বিক্রি করছে দেখে তিনি আর কোনো কথা বলেননি। এখন তাঁরা ২৮ জন ঠিকাদার মিলে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানায় মাটি দিচ্ছেন।

আরেকজন ঠিকাদার জানান, লোকজন স্বেচ্ছায় মাটি বিক্রি করছেন। তাঁরা কাউকে মাটি বিক্রি করতে জোর করছেন না। গত তিন মাসে প্রতিষ্ঠানটি প্রায় ১১ লাখ টন মাটি মজুদ করেছে। বৃষ্টি পুরোদমে শুরু হওয়ার আগ পর্যন্ত মাটি নেওয়াা হবে।

কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান জানান, আগে প্রতিষ্ঠানটি সরাসরি মাটি কিনত। এবার তারা ঠিকাদার নিয়োগ করে মাটি নিচ্ছে। এটা তাদের একটা কৌশল। স্থানীয় লোকদের সুবিধা দিয়ে, ব্যবহার করে তারা কাজটি করছে। তিনি বলেন, মাটি কেটে নেওয়ায় প্রতিষ্ঠানটির চারদিকে পাঁচ কিলোমিটারের মধ্যে প্রায় এক হাজার ৫০ হেক্টর জমি ফসলের উপযোগিতা হারিয়েছে। টিলার সংখ্যাও কমছে। অবাধে মাটি কাটা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

লাফার্জ সুরমার স্থানীয় কমিউনিটি রিলেশন ম্যানেজার সাব্বির হোসেন জানান, তাঁদের নিজম্ব ক্লিংকার কারখানার জন্য এই মাটি সংগ্রহ করা হচ্ছে। ফসলি জমি ও টিলার মাটি কাটা সম্পর্কে তিনি কোনো কথা বলতে রাজি হননি। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের গণসংযোগ কর্মকর্তা তৌফিক ইমাম বলেন, ‘মাটি সরবরাহকারীদের সঙ্গে করা চুক্তিতে পরিষ্কার উল্লেখ আছে, ফসলি জমি বা পরিবেশের ক্ষতি হয়—এমন কোনো স্থান থেকে মাটি নেওয়া যাবে না। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়, তাহলে ওই সরবরাহকারীর সঙ্গে চুক্তি বাতিল করা হবে। বিষয়টি স্থানীয় কর্মকর্তারা মনিটরিং করছেন।’