ফসলে নানা রোগের সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন ও রাতের তাপমাত্রা অস্বাভাবিক হারে ওঠানামা করায় দিনাজপুরে খেতের ফসলে নানা রোগের সংক্রমণ দেখা দিয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জেলার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি তারতম্য লক্ষ করা গেছে। এই ১৫ দিনে তাপমাত্রা গড়ে সর্বনিম্ন ২৩ দশমিক ৮ এবং সর্বোচ্চ ৩৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার বলতৈড়, বেকাহার ও খানপুর, বিরল উপজেলার ফরাক্কাবাদ, খানসামা উপজেলার দুয়োসুয়ো ও পাকেরহাট, চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ও আউলিয়াপুকুর গ্রামের অনেক স্থানে আমন খেতের ধানগাছ শুকিয়ে যাচ্ছে।
বলতৈড় গ্রামের কৃষক হাফিজুর রহমান বলেন, তাঁর খেতজুড়ে কাটারী, ব্রি-৩৪, ব্রি-২৮ জাতের ধানে জটিল রোগ দেখা দিয়েছে। ১৫ দিন ধরে ধানগাছের পাতা শুকিয়ে যেতে শুরু করেছে। ধানগাছে ঘাসফড়িং ও মাজরা পোকার আক্রমণ হচ্ছে। ধানগাছে শিষ আসার কারণে কীটনাশকও প্রয়োগ করা যাচ্ছে না।
এ বিষয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র হালদার বলেন, ‘আবহাওয়ার বিরূপ পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রার তারতম্য ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়ায় আমন খেতে ছত্রাকজাতীয় রোগের আক্রমণ বেশি হয়। পাতা ঝলসে যায়। বাদামি ঘাসফড়িং ও মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে।
এ ব্যাপারে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, জেলায় ২ লাখ ৫৬ হাজার ৫২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। শীতের আগমন ঘটছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আমন খেতে যে রোগব্যাধি দেখা যাচ্ছে, এগুলোর বেশির ভাগই ছত্রাক রোগ। এ ধরনের রোগের আক্রমণ থেকে আমন খেত রক্ষা করতে প্রতি লিটার পানিতে ৬ গ্রাম এমওপি, সমপরিমাণ সালফার যৌগ ও ০.৫ গ্রাম থেকে ১ গ্রাম দস্তা যৌগ সার পানিতে মিশিয়ে ছিটিয়ে দিলে ছত্রাকের আক্রমণ থেকে আমনের ফসল রক্ষায় কার্যকর ফল পাওয়া যাবে।