ফসলের ক্ষতি, ভেসে গেছে মাছ

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি বেড়ে কুড়িগ্রামের প্রায় ২০ হাজার হেক্টর আমন খেত ডুবে গেছে। জয়পুরহাটের বিভিন্ন উপজেলার সহস্রাধিক পুকুরের মাছ ভেসে গেছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তাসহ সবগুলো নদ-নদীর পানি বেড়ে কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৪২০টি চরের বাসিন্দারা। ডুবে গেছে জেলার প্রায় ২০ হাজার হেক্টর আমন খেত। এ ছাড়া গ্রামীণ জনপদে অনেক রাস্তা ডুবে গেছে।
রাজারহাট উপজেলার শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলার হরিশ্বর তালুক উচ্চবিদ্যালয় ও হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ওঠায় শিক্ষাপ্রতিষ্ঠান দুটি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উপজেলায় ২৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। রাজারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এনামুল হক জানান, তিস্তা নদীর পানি বাড়ায় তাঁর ইউনিয়নের চরাঞ্চলের মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বর্ষণের ফলে উপজেলা সদরের বাজারটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতে চিলমারীর বাসন্তী গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সেখানকার কয়েক হাজার হেক্টর রোপা আমন খেত পানিতে তলিয়ে আছে। ভূরুঙ্গামারী উপজেলায় গ্রামীণ সড়ক ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে রয়েছে।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর, পাঁচগাছি, মোগলবাস ও ঘোগাদল এলাকায় কয়েক হাজার হেক্টর কৃষিজমি তলিয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন জেলার ৪২০টি চরের বাসিন্দারা। গত এক মাস বন্যার সঙ্গে লড়াই করে তাঁদের অবস্থা এমনিতেই খারাপ ছিল। এক সপ্তাহ আগে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা কলাইয়ের বীজ ছিটিয়ে দেন। নতুন করে নদীর পানি বাড়ায় তাঁদের সব খেত আবার ডুবে গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারী ও নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি অপরিবর্তিত রয়েছে। তিনি জানান, বৃষ্টি ও পানির স্রোতে জেলার বিভিন্ন স্থানে কাঁচা সড়ক ধসে গেছে। নদ-নদীতে ভাঙন দেখা দিয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ বলেন, ‘আমরা পরিস্থিতির ওপর লক্ষ রাখছি। এবং সর্তক আছি।’
বাগমারা (রাজশাহী): নদ-নদীর পানি বেড়ে বাগমারা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে অর্ধশত কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নাঞ্চলগুলোতে আধাপাকা ধান ছাড়াও শিম, মূলা, বাঁধাকপি, ফুলকপি, পালংশাকসহ বিভিন্ন জাতের সবজি খেত ডুবে গেছে। ক্ষতির পরিমাণ গতকাল পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় থেকে জানা গেছে। উপজেলার ভবানীগঞ্জ, মাড়িয়া, গণিপুর, নরদাশ ও গোবিন্দপাড়া এলাকায় ক্ষতির পরিমাণ বেশি। ভবানীগঞ্জের বাসিন্দা হাসেন আলী জানান, তাঁদের এলাকার বেশ কয়েকটি ঘর ধসে পড়েছে। পানি বাড়ায় অর্ধশত পুকুরের মাছ ভেসে গেছে। গতকাল বারানই নদ ও ফকিন্নি নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। ওই নদ-নদীর পানি নিম্নাঞ্চল থেকে উঁচু এলাকায় ঢুকতে শুরু করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলাউদ্দিন গতকাল জানান, বাড়িঘর ধসে পড়ার খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত পরিসংখ্যান জানা যায়নি।
জয়পুরহাট: ভারী বর্ষণের কারণে জয়পুরহাটে পুকুরের মাছ ভেসে গেছে। এতে জেলার সহস্রাধিক মৎস্যচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা মৎস্য কার্যালয় থেকে জানা গেছে, গত সোমবার রাত ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টার বর্ষণের কারণে জয়পুরহাট জেলার এক হাজার ১৫৩টি পুকুরের মাছ ভেসে গেছে। এর মধ্যে পাঁচবিবি উপজেলার ৮২০টি পুকুর থেকে ১৬০ মেট্রিক টন, সদরের ২১৫টি পুকুর থেকে ১৬ মেট্রিক টন, ক্ষেতলালের ৭০টি পুকুর থেকে ২৫ মেট্রিক টন, আক্কেলপুরের ৪০টি পুকুর থেকে ৪ দশমিক ৬ মেট্রিক টন এবং কালাই
উপজেলার আটটি পুকুর থেকে ১ দশমিক ৯ মেট্রিক টন মাছ ভেসে যায়। ভেসে যাওয়া এসব মাছের আনুমানিক মূল্য ২১ কোটি তিন লাখ ছয় হাজার ৪৫০ টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ২০১৪ সালের মধ্যে ওই ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। জয়পুরহাট জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা বলেন, জেলার বহু পুকুরের মাছ ভেসে গেছে। এতে বিভিন্ন ব্যাংক ও বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে যাঁরা মাছ চাষ করেছেন, তাঁরা বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।
জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, জেলায় মোট সরকারি পুকুর রয়েছে এক হাজার ৫১০টি। ব্যক্তিগত পুকুর আছে ১৬ হাজার ৫৪২টি। এসব পুকুরে প্রতিবছর ১৬ হাজার ৭২৩ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়।