ফসলের ক্ষতিপূরণ মেলেনি কষ্টে ২০০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খনির তোনে (কারণে) হামার সোনার মতো ধানিজমি পানির তলোত (নিচে) ডুবি গেইচে (গেছে)। ছোয়াল-পোয়াল (ছেলে-মেয়ে) নিয়ে খায়া-না খায়া (খেয়ে না খেয়ে) থাকুচি। একনও নিত্তি আইতোত (প্রতিরাতে) আচমকা ঘর-দুয়ার কাঁপি ওঠে। বাপু এ্যাংকা (এমন) করি কি বাঁচি (বেঁচে) থাকা যায়? হামার (আমাদের) ছও (দিকে) ক্যায়ও দেখে না। খনির তনে (জন্য) আজ হামরা ফকির হয়া গেছি।’ দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা তোলার কারণে ক্ষতিগ্রস্ত ছয়রন বিবি (৬২) এসব কথা বলেন। কয়লা তোলায় কালুপাড়া ও মৌপুকুর গ্রামে ২০০ একর আবাদি জমিতে পুকুরের মতো গর্তের সৃষ্টি হয়েছে। এখন ওই সব জমিতে কোনো ফসল উৎপাদন করা সম্ভব হয় না। একই সঙ্গে ওই দুই গ্রামসহ জিগাগাড়ী, বলরামপুর, পাতরাপাড়া গ্রামের অনেক মানুষের বসতঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফাটল সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাট দেবে গেছে। সরকার প্রতি মৌসুমে ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ পরিবারকে ফসলি জমির জন্য ক্ষতিপূরণ দেয়। কিন্তু এবার নির্ধারিত সময়ের চার মাস চলে গেলেও সেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। এতে খনির কারণে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া লোকজন আরও বিপদে পড়েছেন। ক্ষতিগ্রস্ত লোকজন স্থায়ীভাবে পুনর্বাসন এবং ফসলি জমি ও বসতভিটার ক্ষতিপূরণ আদায়ের জন্য জীবন ও সম্পদ রক্ষা কমিটি নামে সংগঠন তৈরি করে প্রায় আড়াই বছর ধরে আন্দোলন করছে। এই সংগঠনের সভাপতি ইব্রাহীম খলিল বলেন, খনির কারণে বলরামপুর মৌজার কালুপাড়া ও মৌপুকুর গ্রামের ধারে প্রায় ২০০ একর আবাদি জমি পুকুর হয়ে গেছে। ওই জমিতে মাছের চাষ ছাড়া উপায় নেই। নতুন করে জিগাগাড়ী গ্রামের আবাদি জমিও পুকুর হয়ে যাচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সাড়ে চার মাস পার হয়ে গেছে। কর্তৃপক্ষ এখনো আমন ফসলের ক্ষতিপূরণ দেয়নি। বৈদ্যনাথপুর গ্রামের লাল মিয়ার দেড় বিঘা, বেলালউদ্দিনের ৪০ শতাংশ, পাতরাপাড়া গ্রামের আবু মুসার পৌনে দুই বিঘা এবং ফারুক হোসেনের ১৮ কাঠা জমি পুকুর হয়ে গেছে। তাঁরা বলেন, ওই জমিতে চাষা ও অন্যের বাড়িতে কাজ করে তাঁদের সংসার চলত। খনির লোকজন শস্য ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় এখন অন্যের কাছে ধারদেনা ও হাঁস-মুরগি-ছাগল বিক্রি করে চলতে হচ্ছে। কয়লাখনি সূত্রে জানা গেছে, খনির কারণে ৬২৭ দশমিক ৭৩ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৮৬ একর ধানি জমি। বাকি ১৪১ দশমিক ৭৩ একর জমিতে বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট। সরকার অনেক আগেই ওই জমিগুলো অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। খনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বলেন, শস্য ক্ষতিপূরণসহ জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ দেওয়া ১৯০ কোটি টাকা জেলা প্রশাসকের দপ্তরে জমা হয়ে গেছে। অধিগ্রহণের টাকা একসঙ্গে বরাদ্দ করায় ফসলের ক্ষতিপূরণের টাকা যথাসময়ে বিতরণ করা সম্ভব হয়নি। শিগগিরই ওই টাকা বিতরণ করা হবে।