ফসলের খেতে জাপানি ভাস্কর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতের কাদাপানিতে হাজারো মুখের উপস্থিতি। হাসি-কান্না, সুখ-দুঃখ নানা অভিব্যক্তি ফুটে উঠেছে মুখগুলোতে। সত্যিকারের মুখাবয়ব নয়, ওগুলো কাঠ ও নানা উপাদানে তৈরি ভাস্কর্য। যে ভাস্কর্য সৌহার্দ্য, সম্প্রীতি আর কৃষির নানা সম্ভাবনার দিক ফুটিয়ে তুলেছে। ফসলের খেতে এমনি এক ভাস্কর্য প্রদর্শনী চলছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেরপুর মাঠে। প্রত্যন্ত পল্লির শস্যখেতে জাপানি শিল্পীদের ব্যতিক্রমী এই প্রদর্শনী দেখতে প্রতিদিনই ভিড় করছে হাজারো মানুষ। ১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে প্রদর্শনী, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। জাপানের তহোকু ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইনের শিক্ষক সেচ্চুও সুজুকি তিন সদস্যের একটি দল নিয়ে এ প্রদর্শনী করছেন। এতে শৈলকুপার বিভিন্ন স্কুল-কলেজের তরুণদের সহায়তা নেওয়া হয়েছে। বাংলাদেশ এবং জাপানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি ও কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষিতে তরুণদের উদ্বুদ্ধ করার মানসে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনসহ নানা বিপর্যয়ের হাত থেকে কৃষককে রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে। পাশাপাশি জাপানি ভাস্কর্যের সঙ্গে পরিচিত হচ্ছে এ দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ। এসব শিল্পীর সঙ্গে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আফজাল। তিনি জানান, চাষিদের সঙ্গে শিল্পীদের সম্পর্ক তৈরির ক্ষেত্র হিসেবে এই প্রদর্শনী। জাপানি ভাস্করশিল্পী সেচ্চুও সুজুকি বলেন, ‘প্রচুর ধান উৎপাদনকারী এ দেশের সঙ্গে আমাদের দেশের অনেক মিল আছে।’ বাংলাদেশের সঙ্গে আরও সৌহার্দ্য বাড়াতে চান তিনি। এ ছাড়া কৃষকের সঙ্গে শিল্পের একটা সম্পর্কও তৈরি করার ইচ্ছা আছে তাঁর।